'ইউসুফ হিন্দুদের হত্যার নির্দেশ দিয়েছিলেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী সুধাংশু মণ্ডল (৫৯)। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে ইউসুফ হিন্দুদের বাড়িঘর নষ্ট ও তাঁদের হত্যা করতে রাজাকারদের নির্দেশ দেন।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সুধাংশু মণ্ডলের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ জাহিদ ইমাম। এ সময় আসামির কাঠগড়ায় ইউসুফ হাজির ছিলেন।
জবানবন্দিতে সুধাংশু মণ্ডল বলেন, তাঁর বাড়ি বাগেরহাটের রামপালে। একাত্তরে তিনি ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। ইউসুফ রাজাকার বাহিনীকে হিন্দুদের বাড়িঘর নষ্ট ও তাঁদের হত্যা করতে নির্দেশ দেন। একাত্তরের ১৯ এপ্রিল তিনি শোনেন, রামপাল মিলনায়তনে শান্তি কমিটির সভা হবে। এলাকার লোকজনের সঙ্গে তিনিও ওই সভায় যান। ওই সভার শেষ বক্তা ইউসুফ তাঁর বক্তব্যে হিন্দুদের খতম করার ও মালামাল লুটেরন নির্দেশ দেন। ওই বক্তব্যের পর ইউসুফের লোকেরা রামপাল সদরের যাদব মিস্ত্রি, কৃষ্ণধন মিস্ত্রির বাড়িতে হামলা ও মালামাল লুটের পর বাগেরহাটের দিকে চলে যায়।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, একাত্তরের ২১ এপ্রিল হাজার হাজার হিন্দু ভারতে চলে যাওয়ার জন্য রামপালের ডাকরা কালীবাড়িতে আশ্রয় নেন। ইউসুফ ওই হিন্দুদের ধ্বংস করতে রাজাকার রজ্জব আলী, সিরাজ মাস্টারকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে রাজাকাররা ৫০০ থেকে ৬০০ হিন্দুকে হত্যা করে। এ ঘটনা তিনি রাজাকারদের কাছে শুনেছেন।
জবানবন্দিতে সুধাংশু আরও বলেন, একাত্তরের ১৪ অক্টোবর ইউসুফের নির্দেশে রাজাকাররা চুললকাঠি বাজারে কাঠের সেতুর ওপর সাতজনকে হত্যা করে।
জবানবন্দি শেষে সুধাংশু মণ্ডলকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী গাজী এম এইচ তামিম। আসামিপক্ষের আইনজীবী এই মামলার কার্যক্রম দুই দিন মুলতবির আবেদন জানালে ট্রাইব্যুনাল বলেন, ‘আইনজীবী আসতে পারবেন না আর বিচারক বসে থাকবেন, তা হয় না। বসে বসে টক শোতে অংশ নিচ্ছেন, সব কাজ হচ্ছে আর ট্রাইব্যুনালে আসতে পারবেন না?’ ট্রাইব্যুনাল আরও বলেন, নির্ধারিত সময়ে জেরা করতে না পারলে সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দেওয়া হবে।
পরে জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।