'ইউসুফের নির্দেশে সাতজনকে হত্যা করে রাজাকাররা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা ন ব তা বি রো ধী অ প রা ধে র বি চা র
মা ন ব তা বি রো ধী অ প রা ধে র বি চা র

জামায়াতে ইস-লামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১২তম সাক্ষী শেখ আবজাল হোসেন (৭৪)। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের ১৪ অক্টোবর ইউসুফের নির্দেশে রাজাকাররা সাতজনকে গুলি করে হত্যা করে। তিনি ওই ঘটনার প্রত্যক্ষদর্শী।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আবজাল হোসেনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ জাহিদ ইমাম। এ সময় আসামির কাঠগড়ায় ইউসুফ হাজির ছিলেন।

আবজাল হোসেন জবানবন্দি দেওয়ার আগে রাষ্ট্রপক্ষের দশম সাক্ষী পীযূষ কান্তি ঘড়াই ও ১১তম সাক্ষী মুকুল রানী দাসকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান।

জবানবন্দিতে শেখ আবজাল বলেন, তাঁর বাড়ি খুলনার বটিয়াঘাটায়। একাত্তরে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ভারতে গিয়ে প্রশিক্ষণ নেন। পরে দেশে ফিরে বাগেরহাটের বিভিন্ন স্থানে যুদ্ধ করেন। একাত্তরের ১৩ অক্টোবর অন্য মুক্তিযোদ্ধাদের নিয়ে তিনি বাগেরহাটের চুলকাঠি বাজার এলাকায় অবস্থানকালে শোনেন, ইউসুফের নির্দেশে রাজাকাররা তাঁদের ওপর আক্রমণ করতে আসছে। এতে তাঁরা ওই এলাকার ঘনশ্যামপুর বাজারের কাছে একটি বিদ্যালয়ে গিয়ে আশ্রয় নেন। কিছুক্ষণ পর রাজাকাররা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়লে তাঁরাও পাল্টা গুলি চালান। হঠাৎ একটি গুলি এসে তাঁর পায়ে লাগে। তিনি অন্য যোদ্ধাদের সহায়তায় সেখান থেকে চলে আসেন।

জবানবন্দিতে এই সাক্ষী আরও বলেন, ওই ঘটনার পরদিন তিনি চুলকাঠি বাজারে গিয়ে দেখেন, হিন্দুদের বাড়িঘর জ্বলছে। তিনিসহ কয়েকজন মুক্তিযোদ্ধা পাশের একটি জঙ্গলে আশ্রয় নিয়ে দেখেন, রাজাকাররা কয়েকজনকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্যাতন করছে। রাজাকারদের একজনের পরনে সাদা পাঞ্জাবি-পায়জামা এবং মুখে সামান্য দাড়ি ছিল। ওই লোকটি অন্যদের বলে, ‘এদের বাঁচিয়ে রেখে লাভ কি? গুলি করো।’ এরপর রাজাকাররা নির্যাতনের শিকার সাতজনকে গুলি করে হত্যার পর তাঁদের লাশ খালে ফেলে দেয়। নিহত সাতজনের একজন ছিলেন খোরশেদ। বাকি ছয়জন ছিলেন হিন্দু ধর্মাবলম্বী, তাঁদের মধ্যে রাখাল ও সুনীলের নাম তাঁর মনে আছে। ওই স্থান থেকে ফেরার সময় তাঁর ভগ্নিপতির ভাই আশরাফুলের কাছে রাজাকারদের নির্দেশদাতা ওই ব্যক্তির শারীরিক বর্ণনা দিলে আশরাফুল জানান, ওই ব্যক্তির নাম ইউসুফ।

জবানবন্দির শেষ পর্যায়ে আবজাল হোসেন আসামির কাঠগড়ায় থাকা ইউসুফকে শনাক্ত করেন। পরে তাঁকে আসামিপক্ষের জেরার জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।