'ইউসুফের নির্দেশে সালামকে ধরে নিয়ে যায় রাজাকাররা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বৃহস্পতিবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৯তম সাক্ষী আবদুল লতিফ হাওলাদার (৭২)। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের ২৯ জুলাই ইউসুফের নির্দেশে রাজাকাররা আবদুস সালামকে ধরে নিয়ে যায়। পরে তাঁকে গুলি করে হত্যা করা হয়।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আবদুল লতিফ হাওলাদারের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ জাহিদ ইমাম। এ সময় আসামির কাঠগড়ায় এ কে এম ইউসুফ হাজির ছিলেন।
জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, তাঁর বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের তাফালবাড়ী বাজারে। মুক্তিযুদ্ধকালে একাত্তরের ২৯ জুলাই রাজাকারদের নিয়ে ইউসুফ রায়েন্দা বাজারে বৈঠক করছিলেন। তিনি ওই বৈঠকস্থলের পাশেই ছিলেন। ওই সময় রাজাকাররা মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তি আবদুস সালামকে ভেজা অবস্থায় ধরে ইউসুফের সামনে নিয়ে আসে। পরে ইউসুফের নির্দেশে সালামকে রাজাকাররা নদীর তীরে নিয়ে যায়। তিনি (সাক্ষী) এ সময় ভয়ে লুকিয়ে পড়েন। কিছুক্ষণ পর নদীর তীর থেকে কয়েকটি গুলির শব্দ পান। খানিক পর তিনি লোকজনের কাছে শোনেন, রাজাকাররা সালামকে গুলি করে হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে।
লতিফ হাওলাদার আরও বলেন, পাঁচ-ছয় দিন পর সালামের লাশ পাওয়া যায়। জবানবন্দি শেষে লতিফ হাওলাদারকে জেরা শুরু করে আসামিপক্ষ। পরে ট্রাইব্যুনাল এ মামলার কার্যক্রম ১২ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন।
অভিযোগ অনুসারে, একাত্তরে মুক্তিযুদ্ধকালে ইউসুফ ছিলেন রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা। মুক্তিযুদ্ধকালে গণহত্যা, হত্যা, জোর করে ধর্মান্তরিত করা, নিপীড়নসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গত বছরের ১ আগস্ট ট্রাইব্যুনাল ইউসুফের বিরুদ্ধে ১৩টি অভিযোগ গঠন করে আদেশ দেন। ইউসুফের গ্রামের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজৈর গ্রামে। ১৯৫২ সালে তিনি জামায়াতে যোগ দেন এবং ১৯৬৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত তিনি পূর্ব পাকিস্তান জামায়াতের ডেপুটি আমির ছিলেন।