
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৬তম সাক্ষী লুৎফর রহমান নকীব (৬২)। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের জুলাই মাসে ইউসুফের নির্দেশে রাজাকাররা দুই শতাধিক হিন্দুকে জোর করে ধর্মান্তরিত করে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ লুৎফর রহমানের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ জাহিদ ইমাম।
জবানবন্দিতে লুৎফর রহমান বলেন, তাঁর বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায়। একাত্তরে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। ইউসুফ প্রশিক্ষণ দিয়ে রাজাকার বাহিনী গঠন করেন। এই রাজাকাররা গণহত্যা, হত্যা, ধর্ষণ, নির্যাতন চালায় এবং হিন্দুদের দেশ থেকে বিতাড়িত করে। একাত্তরের ২২ এপ্রিল তিনি কচুয়া বাজারে গিয়ে দেখেন, মিলনায়তনে শান্তি কমিটির সভা চলছে। সভায় শেষ বক্তা ইউসুফ তাঁর বক্তব্যে আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থক, স্বাধীনতার পক্ষের লোক ও হিন্দুদের ধ্বংস করতে বলেন। তিনি হিন্দুদের মালামাল লুটেরও নির্দেশ দেন। ওই নির্দেশের পর কচুয়া ও আশপাশের এলাকায় হামলা করা হয়। ইউসুফ লুট করা মালামাল লঞ্চে নিয়ে কচুয়া ত্যাগ করেন।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, একাত্তরের জুলাইয়ের মাঝামাঝি ইউসুফের নির্দেশে ৩০-৩৫ জন রাজাকার শাঁখারীকাঠি গ্রামে এসে হিন্দুদের জোর করে ধর্মান্তরিত করে। পরে সেখানে গরু জবাই করে দুই শতাধিক হিন্দুকে জোর করে ওই মাংস খাওয়ানো হয়। একাত্তরের ৫ নভেম্বর তিনি শাঁখারীকাঠি বাজারে গিয়ে দেখেন, ৩০-৩৫ জন রাজাকার বাজারের দক্ষিণ-পূর্ব ও উত্তর দিকের রাস্তা বন্ধ করে দিয়েছে। তিনি লুকিয়ে থেকে দেখেন, রাজাকাররা বিভিন্ন দোকান থেকে হিন্দুদের ধরে এনে গামছা দিয়ে বেঁধে পশ্চিম পাশে রাস্তার ওপর সারিবদ্ধভাবে বসিয়ে রাখে। একটি বাঁশির শব্দ হওয়ার পর পর তিনি ৪২ জন হিন্দুকে ঢলে পড়তে দেখেন। ওই বীভৎসতা সহ্য করতে না পেরে তিনি বাড়ি চলে যান। পরে শোনেন, রাজাকাররা স্থানীয় মুসলমানদের ডেকে এনে তাঁদের দিয়ে ওই ৪২ জনের লাশ নৌকায় তুলে বিষখালী নদীর পূর্ব দিকে নিয়ে একটি গর্তে গণকবর দেয়। বর্তমানে সেখানে একটি স্মৃতিসৌধ আছে, যেখানে ওই ৪২ জনের নাম রয়েছে।
জবানবন্দির শেষ পর্যায়ে লুৎফর রহমান আসামির কাঠগড়ায় থাকা ইউসুফকে শনাক্ত করেন। জবানবন্দি শেষে লুৎফর রহমানকে জেরার জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
আরও এক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ বন্ধ: আসামিপক্ষে এই মামলা পরিচালনাকারী আইনজীবী সৈয়দ মিজানুর রহমান গতকাল ট্রাইব্যুনালে উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষী সুনীল কুমার ডাকুয়ার সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দেন ট্রাইব্যুনাল। গত রোববার জবানবন্দি দেওয়া সুনীল কুমারকে গতকাল আসামিপক্ষের জেরার দিন ধার্য ছিল। তাঁর সাক্ষ্য গ্রহণ বন্ধ করার পর ১৬তম সাক্ষী লুৎফর রহমান জবানবন্দি দেন।
একই কারণে এর আগে রাষ্ট্রপক্ষের ১২, ১৩, ১৪তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ বন্ধ করেন ট্রাইব্যুনাল।