'ইউসুফের নির্দেশে ৪২ জনকে হত্যা করে রাজাকাররা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৮তম সাক্ষী সিকদার হাবিবুর রহমান (৬১)। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের ৫ নভেম্বর ইউসুফের নির্দেশে রাজাকাররা ৪২ জনকে হত্যা করে। তিনি ওই ঘটনার প্রত্যক্ষদর্শী।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সিকদার হাবিবুর রহমানের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ জাহিদ ইমাম। এ সময় আসামির কাঠগড়ায় ইউসুফ হাজির ছিলেন। রাষ্ট্রপক্ষের ১৭তম সাক্ষী তৈয়ব আলী খাঁকে গতকাল আসামিপক্ষের জেরার ধার্য দিনে আসামিপক্ষের মামলা পরিচালনাকারী আইনজীবী সৈয়দ মিজানুর রহমান অনুপস্থিত থাকায় তাঁর সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দেন ট্রাইব্যুনাল। এরপর সিকদার হাবিবুর জবানবন্দি দেওয়া শুরু করেন।

জবানবন্দিতে সিকদার হাবিবুর বলেন, তাঁর বাড়ি বাগেরহাটের কচুয়ায়। একাত্তরে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে যোগ দেন। একাত্তরের ২২ এপ্রিল তিনি কচুয়া বাজারে গিয়ে দেখেন, স্থানীয় মিলনায়তনে শান্তি কমিটির সভা চলছে। তিনি সেখানে যান। ওই সভার শেষ বক্তা ইউসুফ তাঁর বক্তব্যে আওয়ামী লীগ ও হিন্দুদের শেষ করে দিতে বলেন। এরপর ওই এলাকায় আওয়ামী লীগ ও হিন্দুদের বাড়িতে হামলা হয়। একাত্তরের জুলাই মাসের মাঝামাঝি ইউসুফের নির্দেশে ও প্ররোচনায় কচুয়ার শাঁখারীকাঠির হিন্দু-অধ্যুষিত এলাকায় ৪৫ জন হিন্দুকে জোর করে ধর্মান্তরিত করা হয়। তাঁদের নামও মুসলমানদের নামে রাখা হয়।

রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, তাঁদের (মুক্তিযোদ্ধাদের) সংবাদদাতা তৈয়ব আলী খাঁ ওরফে ছেতুর কাছে তিনি শোনেন, মুক্তিযুদ্ধকালে ৩০ আশ্বিন তৈয়ব চাচা আনোয়ার খাঁসহ মোট ২২ জনকে ধরে রাজাকাররা গুলি করে। তাঁদের মধ্যে ২১ জন মারা যান ও সুনীল নামে একজন বেঁচে যান। ৫ নভেম্বর ইউসুফের নির্দেশে ৪০-৫০ জন সশস্ত্র রাজাকার শাঁখারীকাঠিতে হামলা চালিয়ে ৪২ জন নিরস্ত্র হিন্দুকে গুলি করে হত্যা করে। এ ঘটনা তিনি লুকিয়ে থেকে দেখেছেন।

জবানবন্দি শেষে হাবিবুর রহমানকে জেরা করার জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।