'ইকোনমিস্ট-'এর বিরুদ্ধে অভিযোগের আদেশ ২৬ সেপ্টেম্বর
যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’-এর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে আদেশের জন্য আগামী ২৬ সেপ্টেম্বর তারিখ পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ আজ মঙ্গলবার এ বিষয়ে আদেশের দিন ধার্য ছিল।
গত বছরের ৬ ডিসেম্বর ‘ইকোনমিস্ট’-এর চীন সংস্করণের সম্পাদক রব গিফোর্ড এবং দক্ষিণ এশীয় ব্যুরোর প্রধান অ্যাডাম রবার্টসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন কার্যক্রম হাতে নেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেন এই ট্রাইব্যুনাল।
মানবতাবিরোধী অপরাধের চলমান বিচারপ্রক্রিয়ায় বাধা সৃষ্টি, ট্রাইব্যুনালের চেয়ারম্যানের ই-মেইল ও স্কাইপ অ্যাকাউন্ট হ্যাক করে গোপনীয়তা নষ্টের অভিযোগে এ রুল জারি করা হয়। ওই সময় এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন বিচারপতি নিজামুল হক। পরে অবশ্য তিনি পদত্যাগ করলে বিচারপতি এ টি এম ফজলে কবীরকে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
পরে আইনজীবী মোস্তাফিজুর রহমান খান ‘ইকোনমিস্ট’-এর পক্ষে রুলের লিখিত জবাব দিয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন কৌঁসুলি সুলতান মাহমুদ। গত ১৮ জুলাই শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশের জন্য দিন ধার্য করেছিলেন।