দেশের বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন দলের সমর্থিত ও বিদ্রোহী একাধিক প্রার্থী নির্বাচন করলেও কিশোরগঞ্জের কুলিয়ারচরে তা হয় না। এখানে স্থানীয় সরকার নির্বাচন করতে চাইলে কোনো দলের সমর্থন নয়, প্রভাবশালী ‘ইচা’ ও ‘পঁচা’ পরিবারের আশীর্বাদ পেতে হয়। দেড় যুগ ধরে এমনটিই হয়ে আসছে।
১৫ মার্চ কুলিয়ারচর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাত্র সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ছয়জনই দুই পরিবারের সমর্থক।
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের দীর্ঘ সময়ের আস্থাভাজন কুলিয়ারচর কোল্ড স্টোরেজের মালিক ও প্রতিষ্ঠিত চিংড়ি রপ্তানিকারক মুসা মিয়া। চিংড়ি ব্যবসার কারণে মুসার পরিবারকে ‘ইচা’ পরিবার হিসেবে ডাকেন স্থানীয় লোকজন। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সদস্য ও আলম গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শরীফুল আলম। আলম গ্রুপ অব কোম্পানির অন্যতম পণ্য ‘পঁচা’ সাবানের কারণে শরীফুলের পরিবারকে ‘পঁচা’ হিসেবে চেনেন স্থানীয় লোকজন।
এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কুলিয়ারচরের রাজনীতি-সমাজনীতি থেকে শুরু করে সব নেতৃত্ব মুসা ও আলমকে ঘিরে। নেতৃত্বে আসার জন্য এখানে দলীয় পরিচয় যথেষ্ট নয়। দুই পরিবারের আশীর্বাদ না পেলে কোথাও সম্মানজনক স্থান পাওয়ার সুযোগ নেই। যাঁরা বলয়ভুক্ত হতে আগ্রহী নন, যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁরা সামনের সারিতে যেতে পারছেন না। এই দুই পরিবারের সমর্থন না নিয়ে অন্য কোনো দলের কোনো প্রার্থীও সাধারণত প্রতিদ্বন্দ্বিতা করেন না। এবারও তার ব্যতিক্রম হয়নি।
মুসা মিয়ার পরিবারের সঙ্গে বিরোধ তৈরি হওয়ায় এবার বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম দলীয় সমর্থন পাননি। তাঁর বদলে চেয়ারম্যান পদে সমর্থন পেয়েছেন মুসা পরিবারের আস্থাভাজন আওয়ামী লীগ-সমর্থক সৈয়দ হাসান সারোয়ার। ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ নূরে আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসিমা আক্তার ওই পরিবারের সমর্থন পেয়েছেন।
অন্যদিকে চেয়ারম্যান পদে ‘পঁচা’ পরিবারের সমর্থন পেয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল মিল্লাত। ভাইস চেয়ারম্যান পদে মেজবাহ উদ্দিন আহমেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিলকিস আকতার সমর্থন পেয়েছেন। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালমা রহমান নামের এক নির্দলীয় নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহার করা উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ইমরান মিয়া বলেন, ‘সবাই জানে, আওয়ামী লীগের রাজনীতি এক পরিবারে আটকে আছে। সেই বন্ধ্যাত্ব ঘোচাতে প্রার্থী হয়েও টিকতে পারিনি।’
মুসার ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন বলেন, ‘স্থানীয় সাংসদ নাজমুল হাসানের উপস্থিতিতে প্রার্থী নির্বাচন করা হয়েছে। এখানে আমাদের পরিবারের বলয় বলতে কিছু নেই।’
শরীফুল আলম বলেন, ‘শুধু নুরুল মিল্লাত নয়, দল ও আমার প্রতি সবার আস্থা রয়েছে বলেই অন্য কেউ প্রার্থী হয় না।’
এদিকে নানা শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই বলয়ে নেতৃত্ব আটকে থাকায় বিষয়টিকে ভালোভাবে নিচ্ছেন না তাঁরা। কিন্তু তাঁদের কাছে বিকল্প প্রার্থীও নেই।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাবিবুর রহমানের মতে, ‘আমাদের জাতীয় রাজনীতি দুই পরিবারভুক্ত। কুলিয়ারচরের চিত্র স্থানীয়ভাবে অনুরূপ। চরম সত্য হলো, এখানকার দুই পরিবারের আশীর্বাদ না থাকলে জনগণও যেন গ্রহণ করতে চায় না। জনগণ সচেতন হলেই কেবল অবস্থার পরিবর্তন হতে পারে।’