'ইচ্ছাকৃত' যানজটে নাকাল মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সায়েদাবাদ বাসস্ট্যান্ডের সামনের রাস্তা দখল হয়ে গেছে। সেখানে রাখা হয়েছে সারি সারি গাড়ি। এতে সরু হয়ে গেছে রাস্তা। এ কারণে সায়েদাবাদ থেকে যাত্রাবাড়ী যাওয়ার রাস্তায় যানজট লেগেই থাকে। গতকাল তোলা ছবি l হাসান রাজা
সায়েদাবাদ বাসস্ট্যান্ডের সামনের রাস্তা দখল হয়ে গেছে। সেখানে রাখা হয়েছে সারি সারি গাড়ি। এতে সরু হয়ে গেছে রাস্তা। এ কারণে সায়েদাবাদ থেকে যাত্রাবাড়ী যাওয়ার রাস্তায় যানজট লেগেই থাকে। গতকাল তোলা ছবি l হাসান রাজা

এটা কি রাস্তা, নাকি বাস-ট্রাকস্ট্যান্ড, না বাজার—দেখে বোঝার উপায় নেই। কোথাও ট্রাক ও বাস এলোমেলোভাবে দাঁড়ানো। কোথাও ফলমূল থেকে শুরু করে আসবাব—সবই সাজানো। এর সঙ্গে রয়েছে সর্বত্রই আবর্জনার স্তূপ, আবর্জনা রাখার কনটেইনার। ‘মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের (গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার) নিচে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে যাত্রাবাড়ী মোড় পর্যন্ত সড়কে এই অবস্থা। যা ওই এলাকায় ‘ইচ্ছাকৃত যানজট’ সৃষ্টি করছে। গতকাল শুক্রবার এই চিত্র দেখা যায়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ডে প্রধান সমস্যাই যানজট এবং জায়গার অপব্যবহার। সায়েদাবাদ, যাত্রাবাড়ী উত্তর ১ ও ২, ওয়াসা রোড, বিবির বাগিচা এলাকা নিয়ে গঠিত এই ওয়ার্ড। ভুক্তভোগীরা বলেন, রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ বাস, ট্রাক ও টেম্পোস্ট্যান্ড থেকে চাঁদা তোলা হয়। রয়েছে পানি না থাকা, গন্ধ পানি আসার সমস্যা। ইচ্ছাকৃত যানজটে তাঁরা নাকাল।
এসব সমস্যা থেকে এলাকাবাসীকে রক্ষার প্রতিশ্রুতি দিয়ে গতকাল সকাল থেকে ‘ঝুড়ি’ প্রতীক নিয়ে জনসংযোগ করছেন এ ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবুল কালাম। এলাকায় তিনি পরিচিত ‘অনু’ নামে। তিনি বিবির বাগিচা ছাপরা মসজিদে জুমার নামাজ আদায় করার পর জনসংযোগ করেন। বিএনপির কাউকে প্রচারণায় দেখা যায়নি। এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আতিকুল্লাহ বিএনপির সমর্থন পেয়েছেন। তাঁর প্রতীক ঘুড়ি। ‘ঠ্যালা গাড়ি’ প্রতীক পাওয়া প্রার্থী খান মনি আজ শনিবার জনসংযোগ শুরু করবেন বলে প্রথম আলোকে জানান।
প্রার্থী আবুল কালাম প্রথম আলোকে বলেন, ‘এলাকায় ময়লা-আবর্জনা রাখা, রাস্তাঘাটের উন্নয়ন, এলাকাবাসীর জন্য সুপেয় পানির ব্যবস্থাসহ বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘদিন কাজ করেছি। এলাকাবাসী যদি আমাকে নির্বাচিত করে এবং দোয়া করে, তাহলে তাদের সমস্যা আরও বেশি করে সমাধান করব।’ তবে রাস্তায় অবৈধ বাস-ট্রাকস্ট্যান্ড এবং দখলবাজির বিষয়ে তিনি মন্তব্য করেননি।
যেখানে যানজট থাকেই: সকাল-বিকেল নেই, সায়েদাবাদ-যাত্রাবাড়ী প্রধান সড়কে যানজট থাকেই। সায়েদাবাদে নোয়াব স্টোন টাওয়ারের কাছে রাস্তা এতই সরু যে একটির বেশি বাস যেতে পারছে না। এসব বাস যাবে চট্টগ্রাম, সিলেট বা নোয়াখালী অঞ্চলের উদ্দেশে। যাত্রাবাড়ী থানার কাছেও রাস্তা বন্ধ করে দাঁড়ানো দেখা যায় বাস। জানা যায়, প্রতিটি বাসকে শুধু ওই জায়গা পেরোনোর জন্য ১০ টাকা দিতে হয়।
মোড়ে উত্তর যাত্রাবাড়ী যাওয়ার মুখে শহীদ জিয়াউর রহমান বিদ্যালয়ের সামনে ফুটপাতের ওপর অনেক স্থায়ী দোকান গড়ে উঠেছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে দেখা গেল, ফুটপাত ছাড়িয়ে রাস্তার ওপরও দোকান। রাস্তায় পাতা চৌকিতে সবজির দোকান। রাস্তার ঠিক মাঝখানে রিকশা-ভ্যানে বিক্রি হচ্ছে মুরগি। রয়েছে ফলমূল, প্লাস্টিকের সামগ্রী, স্যান্ডেলের দোকান। রাস্তার মাঝখানেই দাঁড়ানো ট্রাফিক পুলিশের মোটরসাইকেল।
রাস্তার মধ্যে সবজির দোকান কেন—এ প্রশ্নে সহজ জবাব দোকানি মন্টু মিয়ার, ‘না অইলে কই যামু, তা ছাড়া এখানে বসার জন্য চাঁদা দিতে হয়।’ কাকে—জানতে চাইলে তিনি বলেন, ‘পুলিশ, নেতা সবতেরেই।’
সায়েদাবাদ বাস টার্মিনালের তুলনায় প্রধান সড়কেই যেন বেশি বাস। এসব বাসের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। পশ্চিম দিকে সায়েদাবাদ থেকে যাত্রাবাড়ী পর্যন্ত রাস্তার ধারে ট্রাক রাখা। যাত্রাবাড়ী মোড়ে এবং ডেমরামুখী সড়কের মুখে অবৈধ টেম্পোস্ট্যান্ড।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) স্থানীয় আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবুল হাশেম প্রথম আলোকে বলেন, যানজট সবচেয়ে বড় সমস্যা এবং এটি ইচ্ছাকৃতভাবে সৃষ্ট। কিন্তু ডিএসসিসির লোকবল কম, পুলিশও নেই, তাই উচ্ছেদ সম্ভব হয় না। তবে বিষয়টি নিষ্পত্তির জন্য অন্য সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের চেষ্টা করা হচ্ছে।
হারিয়ে যাচ্ছে একমাত্র মাঠটিও: যাত্রাবাড়ী মোড়ের কাছে একটিই মাত্র খেলার মাঠ বা পার্ক ছিল। এখন ওই পার্ক ভাগাড় ও মালামাল রাখার গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছে। জানা যায়, আগে এখানে একটি পুকুর ছিল। আশির দশকে পুকুর ভরাট করে পার্ক তৈরি করা হয়। একপর্যায়ে ওই পার্ককে এলাকার ঈদগাহ মাঠ করার প্রস্তাব আসে। বর্তমানে পার্কটি শহীদ জিয়াউর রহমান স্কুলের সীমানার মধ্যে হলেও মাঠের নিয়ন্ত্রণ স্কুল কর্তৃপক্ষের কাছে নেই।
বাড়ির এলোমেলো নম্বর: শফিকুর রহমান যাত্রাবাড়ীতে এসে ৮০/১ নম্বর বাড়িটি খুঁজছিলেন। প্রায় এক ঘণ্টা খোঁজার পরও তিনি পেলেন না ওই বাড়ি। অথচ যাত্রাবাড়ী মোড়ের কাছেই বাড়িটি। কিন্তু এলাকায় বাড়ির নম্বর এলোমেলো থাকায় খুঁজে পেতে এই ভোগান্তি। খোঁজ নিয়ে জানা গেল, সত্তরের দশকের দিকে যাত্রাবাড়ী-সায়েদাবাদ এলাকায় বাড়িঘর ছিল কম। ওই সময়ে মিউনিসিপ্যালিটি সুবিধামতো হোল্ডিং নম্বর বসিয়ে দিত। পরে বাড়িঘর এবং জনবসতি বৃদ্ধির পর খালি স্থানে বসিয়ে দেওয়া হতো অন্য নম্বর। এর ফলে নম্বর অনুযায়ী পাশাপাশি থাকার কথা যে দুটি বাড়ির, কিন্তু এ দুটির মধ্যে দূরত্ব কখনো কখনো প্রায় এক কিলোমিটার।
যাত্রাবাড়ীর বাসিন্দা আবদুল হাই জানান, বিষয়টি নিয়ে তাঁরা সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করেও কোনো ফল পাননি।
বিষয়টি জানতে ডিএসসিসির সায়েদাবাদ অঞ্চলের কর বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে একজন কর্মকর্তা জানান, এটা সাজাতে অনেক সময়ের প্রয়োজন।