'ইচ্ছাপূরণ'-এর দুই বছর
‘ইচ্ছা তো মনের ব্যাপার। মনের মধ্যে থাকে, দেখা যায় না। আমরা মনের সেই ইচ্ছাটাই দুই বছর ধরে দেখার চেষ্টায় আছি। তাই এ কাজের নামও দিয়েছি ইচ্ছাপূরণ।’
সংগঠনটির দুই বছর পূর্তি হচ্ছে আজ ৯ জানুয়ারি। এ উপলক্ষে ‘ঝরা পাতাকে তুলে ধরি...’ স্লোগানে সিলেট নগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে আয়োজন করা হয়েছে এক অনাড়ম্বর অনুষ্ঠানেরও। দুপুর ১২টা ও বেলা ৩টায় দুই ভাগে হবে এ অনুষ্ঠান।
সিলেট শহরের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজপড়ুয়া ২২ তরুণ-তরুণী মিলে ‘ইচ্ছাপূরণ’ সংগঠনটি দাঁড় করিয়েছেন। তাঁদের কাজ হচ্ছে শীতার্তদের গরম কাপড় ও সুবিধাবঞ্চিতদের ঈদের নতুন কাপড় দেওয়া, আর্তদের সেবায় স্বেচ্ছায় রক্তদান এবং পরিবেশ রক্ষায় গাছ লাগানোর মতো বেশ কিছু জনহিতকর কাজ। তবে তাঁরা সবচেয়ে গুরুত্ব দিয়ে যে কাজটি করছেন, তা হলো সিলেট রেলওয়ে স্টেশনে সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যালয়মুখী করতে পাঠদান।
সংগঠনটির প্রধান সমন্বয়ক সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইনের ছাত্রী রেশমা জান্নাতুল জানালেন, তাঁরা এ কাজের জন্য কারও অর্থসহায়তা নেন না। তাঁরাই প্রত্যেকে মাসে ১০০ টাকা করে চাঁদা দেন।
সিলেট রেলস্টেশনের মাস্টার কাজী শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, এরা পথশিশু। রেলস্টেশন এলাকায় টোকাই হিসেবে পরিচিত। নিয়মিত পাঠদানে এদের মধ্যে একধরনের পরিবর্তন এসেছে।