‘ইচ্ছে করে রামদাটি আবার হাতে নিই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি। দেশে যত দিন রাজাকার থাকবে, তত দিন মুক্তিযুদ্ধ চলবে। এবার সেই যুদ্ধে জয়ী হতে শাহবাগ চত্বরে নেমেছে নতুন প্রজন্ম। জয় নিয়েই তারা ঘরে ফিরবে। কথাগুলো কিশোরগঞ্জের নিকলী উপজেলার একমাত্র নারী মুক্তিযোদ্ধা সখিনা বেগমের (৭০)।১৯৭১ সালে যেসব নারী বীরত্বের সঙ্গে রণাঙ্গনে লড়াই করে সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সখিনা বেগম তাঁদের মধ্যে একজন। ১৯৭১ সালে দা দিয়ে পাঁচ রাজাকারকে হত্যা করেন এই নারী মুক্তিযোদ্ধা।সখিনা বেগম বলেন, ‘সেদিন যারা ধর্ষণ করেছে, গণহত্যা করেছে, দেশের সম্পদ লুট করেছে, সেই রাজাকাররা এখন সদর্পে ঘুরে বেড়ায়। এ কথা মনে হলে মাথা গরম হয়ে যায়। ইচ্ছে করে একাত্তরের রামদাটি আবার হাতে নিই।’নিকলী উপজেলার গুরুই গ্রামে সখিনা বেগমের জন্ম। ১৯৭১ সালে স্থানীয় মুক্তিযোদ্ধা বসু বাহিনীর অধীনে প্রশিক্ষণ নিয়ে সখিনা বেগম বিভিন্ন স্থানে সমঞ্চুখে যুদ্ধে অংশ নেন। ১৯ অক্টোবর তাঁর বোনের ছেলে মতিউর রহমান পাকিস্তানি বাহিনীর সঙ্গে সমঞ্চুখযুদ্ধে শহীদ হন। অক্টোবরের শেষের দিকে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর ওপর হামলা চালান। যুদ্ধে বহু পাকিস্তানি সেনা ও রাজাকার নিহত হয়। সখিনা বেগম সেই যুদ্ধে একাই পাঁচ রাজাকারকে দা দিয়ে হত্যা করেন। তাঁর ব্যবহূত ওই দা মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত আছে। একাত্তরে সখিনা বেগমের সাহসিকতার কথা শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে তাঁকে ৫০ হাজার টাকা অনুদান দেন। চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে সেই টাকা শেষ হয়ে যায়। প্রতি মাসে যে দুই হাজার টাকা মুক্তিযোদ্ধা ভাতা পান, সেই টাকাও ওষুধ কেনার জন্য ব্যয় করতে হয় অসুস্থ এই নারী মুক্তিযোদ্ধাকে।গতকাল সোমবার বাজিতপুরের হিলচিয়া বরমাইপাড়ায় সখিনা বেগমের সঙ্গে কথা হয় তাঁর খালার বাড়িতে। ভাঙা চৌকিতে শুয়ে ছিলেন তিনি। ঘরে আসবাব বলতে কিছুই নেই। ১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকার গুরুই গ্রামে তাঁকে তিন শতাংশ খাসজমি বরাদ্দ দেয়। কিন্তু টাকার অভাবে সেই জমিতে ঘর তুলতে পারেননি। তাই বরমাইপাড়ায় খালার বাড়িতে আশ্রয় নিয়েছেন বীরাঙ্গনা সখিনা বেগম। নিঃসন্তান সখিনা বেগমের স্বামী মারা গেছেন পাকিস্তান আমলেই। সাম্প্রতিক গণজাগরণ নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সখিনা বেগম। তিনি বলেন, দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যার বদলা নেওয়ার সময় এসেছে। রাজাকারদের বিচার এখন সময়ের দাবি। নিকলী মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার নুরুজ্জামান বলেন, ‘সখিনা বেগম দুঃসাহসিক নারী মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীন হওয়ার পরও স্থানীয় রাজাকাররা তাঁর ভয়ে অনেক দিন পালিয়ে ছিল।’