‘ইজি বাইকের বিজি শহর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আলোচনায় উঠে এসেছে ব্যাটারিচালিত ‘ইজি বাইক’। নগরের যানজটের জন্য অবৈধভাবে চলাচলকারী ইজি বাইককে দায়ী করা হচ্ছে। মেয়র পদপ্রার্থীরা জয়ী হলে ইজি বাইক নিয়ন্ত্রণ করে যানজট নিরসনের প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটারদেরও দাবি, ইজ বাইক নিয়ন্ত্রণ করে যানজট নিরসন করা হোক। কুমিল্লা সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের হিসাব অনুযায়ী, কুমিল্লা শহরে প্রায় ২০ হাজার ইজি বাইক অবৈধভাবে চলাচল করছে। রিকশা আছে প্রায় ১৫ হাজার। এ ছাড়া বেশ কিছু ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাস আছে। অথচ অলিগলি, ইট-সুরকির পথসহ সব মিলিয়ে শহরে রাস্তা আছে মাত্র ২৯৯ কিলোমিটার। দেশের অন্যান্য স্থানের মতো কুমিল্লায়ও গ্যাস, বিদ্যুৎ, পানির সংকট আছে। শহরের বাসিন্দাদের কাছে যানজটও একটা বড় সমস্যা। এবারই নতুন ভোটার হয়েছেন শহরের বিষ্ণুপুরের রাকিবুল ইসলাম। তিনি বলেন, কুমিল্লা এখন ইজি বাইকের ‘বিজি’ শহর। যানজটের কারণে এক কিলোমিটার পথ পাড়ি দিতে এক থেকে দুই ঘণ্টা সময় লেগে যায়। শহরের মোহসেন বিদ্যানিকেতনের অধ্যক্ষ দিলনাশি মোহসেন বলেন, ‘কুমিল্লার যানজটের মূল কারণ ইজি বাইক। অবৈধ ইজি বাইক বন্ধের প্রতিশ্রুতি যিনি দেবেন, তাঁকেই ভোট দেব।’ প্রার্থীদের প্রতিশ্রুতি: সম্মিলিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী ও সাবেক পৌর মেয়র মনিরুল হক বলেন, এক-এগারোর সময় (২০০৭ সালের ১১ জানুয়ারি) মাত্র ৩০০ ইজি বাইকের নিবন্ধন দেওয়া হয়। এখন অসংখ্য ইজি বাইক চলছে। রাস্তার পাশে বিদ্যুৎ লাইন দিয়ে অবৈধভাবে ইজি বাইকের ব্যাটারিতে চার্জ দেওয়া হয়। এ জন্য পৌরসভা থেকে মাসে এক থেকে দুই লাখ টাকা বাড়তি বিদ্যুৎ বিল দিতে হয়েছে। তিনি বলেন, পৌরসভা থেকে কুমিল্লা এখন সিটি করপোরেশন। মেয়র হলে তিনি এই সমস্যার সমাধান করবেন। আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আফজল খান মেয়র হলে পানি, বিদ্যুৎ, পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি যানজট নিরসনেরও প্রতিশ্রুতি দিচ্ছেন। আফজল খানের পক্ষ থেকে মাইকে প্রচারণা চালাতে শোনা গেছে, ‘আফজল খানকে দিলে ভোট, থাকবে না আর যানজট।’ মেয়র প্রার্থী নূর-উর-রহমান মাহমুদ, এয়ার আহমদ ও আনিসুর রহমানও বিজয়ী হলে যানজট নিরসনে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।যোগাযোগ করা হলে কুমিল্লা সিটি করপোরেশনের লাইসেন্স ইন্সপেক্টর আবদুস সালাম লস্কর জানান, প্রতিটি ইজি বাইক গড়ে পাঁচ হাত জায়গা দখল করে। ইজি বাইকের দাপটে অস্থির কুমিল্লাবাসী। কুমিল্লা জেলা ইজি বাইক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, ইজি বাইক খাতের সঙ্গে প্রায় এক লাখ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। এটা কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। কুমিল্লাতেই ইজি বাইক তৈরির ৪০টি কারখানা ছিল। কিন্তু চীন থেকে আমদানি করা যন্ত্রাংশের ওপর কর বৃদ্ধির কারণে কারখানা কমে গেছে। তিনি বলেন, আট ঘণ্টা চার্জ দিলে ১২০ কিলোমিটার পথ চলতে পারে ইজি বাইক। অবৈধভাবে চার্জ দেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।