‘ইটভাটার ধোঁয়ায় স্বাস্থ্যের ক্ষতি হবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইটভাটার ধোঁয়ায় স্বাস্থ্যের ক্ষতি হবে না। গত রোববার দুপুরে কুষ্টিয়ার খোকসার মোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয় ও বিদ্যালয়ঘেঁষে নির্মিত ইটভাটা ‘আনসার উদ্দিন ব্রিকস’ পরিদর্শন করে খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুজ্জামান সোহেল এ কথা বলেন।এই ইটভাটার কালো ধোঁয়া ও দুর্গন্ধের কারণে বিদ্যালয়ের ছয়-সাতজন শিক্ষার্থী কয়েক দিন আগে অসুস্থ হয়ে পড়ে। ভাটাটি বন্ধের দাবিতে শিক্ষার্থীরা এর আগে ক্লাস বর্জন, সড়ক অবরোধ ও মানবন্ধন করেছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসলাম হোসেন খোকসা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসককে নিয়ে বিদ্যালয় এবং এর পাশের ইটভাটাটি পরিদর্শন করেন।পরিদর্শন শেষে আসলাম হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের সঙ্গে কথা হয়েছে। তাঁদের কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন। একজন চিকিৎসকও সঙ্গে ছিলেন। তিনিও কিছু পাননি। আসলাম হোসেন আরও বলেন, প্রকৃতপক্ষে দেশের সব ইটভাটার একই চিত্র। তিনি এই প্রতিবেদককে প্রশ্ন করে বলেন, ‘আপনি কি বন্ধ করতে পারবেন?’ইউএনও বলেন, ইটভাটার মালিককে কাগজপত্র দেখাতে বলা হয়েছে। তা দেখে বৈধতা না পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লিখিতভাবে জানানো হবে। ইট পোড়ানো শেষ না হওয়া পর্যন্ত কোনো ভাটা বন্ধ করা যায় না।কামরুজ্জামান সোহেল প্রথম আলোকে বলেন, ‘মনে হচ্ছে ওই ইটভাটার ধোঁয়ায় স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। সমস্যা বেশি হওয়ার কথা নয়।’গত শুক্রবার ওই ইটভাটা নিয়ে প্রথম আলোয় ‘মুক্ত বাতাস চায় শিক্ষার্থীরা’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনে পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া কার্যালয়ের রসায়নবিদ মিজানুর রহমান জানিয়েছিলেন, আনসার উদ্দিন ব্রিকসের কোনো অনুমোদন নেই। এটি অবৈধভাবে চলছে।