'ইডা কিরাম হাসপাতাল ডাক্তারনেই'
‘এত বড় হাসপাতালে কোনো ডাক্তার নেই বল্লিই চলে। আমরাই তো চালাচ্ছি। এই জরুরি বিভাগেত্তে হাতের কাজ সারে আমরা আউটডোরে যায়ে বসলিই তো আউটডোর চালু হবে।’
খুলনার ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের অনুপস্থিতির কারণ জানতে চাইলে জরুরি বিভাগে সেবাদানকারী উপসহকারী চিকিৎসা কর্মকর্তা গোবিন্দলাল মল্লিক এভাবেই তাঁর বক্তব্য তুলে ধরেন।
উপজেলার সাড়ে তিন লাখ মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার একমাত্র সরকারি প্রতিষ্ঠান এই স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০১২ সালের ২৪ জানুয়ারি ৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেওয়া হলে তার বাস্তবায়ন হয়নি। উপজেলার ১৪টি ইউনিয়নে ১৪ জন চিকিৎসক ও হাসপাতালে আটজন চিকিৎসকসহ মোট ২২ জন চিকিৎসক থাকার কথা। কিন্তু ইউনিয়ন পর্যায়ে কোনো চিকিৎসক নেই। হাসপাতালে কাগজে-কলমে তিনজন চিকিৎসক থাকলেও বাস্তবে আছেন একজন। বহির্বিভাগে সাধারণত সহকারী চিকিৎসা কর্মকর্তারাই রোগীদের সেবা দেন। তা ছাড়া এ হাসপাতালে প্রসূতিদের জন্য বিশেষ ওয়ার্ড থাকলেও চিকিৎসকের অভাবে তা প্রায় বন্ধ রয়েছে। পাশাপাশি এক্স-রে মেশিনটিও চার বছর ধরে বিকল পড়ে আছে।
গত রোববার সকাল সাড়ে আটটায় জরুরি বিভাগের সামনে দেখা যায়, দুজন রোগী অপেক্ষা করছেন। এ সময় উপসহকারী চিকিৎসা কর্মকর্তা গোবিন্দলাল মল্লিক, শাহিন হাসান এবং স্বাস্থ্য সহকারী মোহামঞ্চদ জসিম ও ভোলা নাথ উপস্থিত ছিলেন। বেশ কয়েকজন রোগীকে চিকিৎসকের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। তৃতীয় তলার দুটি ওয়ার্ডেও সেবিকা ছাড়া কোনো চিকিৎসক ছিলেন না।
খুলশী গ্রামের আমেনা বেগম নামে এক বৃদ্ধা বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ভোর থেকে অপেক্ষা করছিলেন। তিনি বলেন, ‘ইডা কিরাম হাসপাতাল যে কোনো ডাক্তার নেই।’ সকাল সাড়ে নয়টার পর চিকিৎসক ইউনুস আলীর দেখা পাওয়া যায়। তিনি বলেন, ‘নাইট করেছি। এখন আবারও আসলাম।’
খুলনার সিভিল সার্জন গোলাম মুর্তোজা শিকদার বলেন, ‘যাতে কমপক্ষে দুজন ডাক্তার থাকেন সেই ব্যবস্থা করব।’