‘ইডারে রাস্তা বুললি ভুল কওয়া হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত গ্রামের বটতলা থেকে দামুড়হুদা উপজেলার ডুগডুগি পশুহাট পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা পাকা না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।দোস্ত গ্রামের বাসিন্দা ভ্যানচালক সুরুজ মিয়া (৩৫) বলেন, ‘ভাই ইডারে রাস্তা বুললি ভুল কওয়া হবে, বোলেন ধান রূয়াইনোর জন্নি চাষ করা জমি। সামান্যি দলক (বৃষ্টি) নামলি এক হাঁটু কাঁদা-পানিতে দফারফা হয়ে যায়। হাঁটাচলা করা যায় না।’ এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুকনো মৌসুমে এই রাস্তা দিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ও তিতুদহ ইউনিয়নের ২৫টি গ্রামের অন্তত ৩০ হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। দীর্ঘদিনেও এই দুই কিলোমিটার রাস্তা পাকা করা হয়নি। বর্ষা মৌসুমে এলাকাবাসীকে দর্শনা হয়ে অতিরিক্ত ১২ কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হয়।সরেজমিনে দেখা গেছে, রাস্তায় হাঁটু পরিমাণ কাদা পানি জমে আছে। এই কাঁদা পানির মধ্যেই অনেকে হেঁটে চলাচল করছে। দোস্ত গ্রামের বিশারত আলী (৫০) বলেন, ‘ভোটের আগে সব্বাই আমাগের কতা দ্যায়, খ্যামতায় গেলি রাস্তা পাকা কইরে দেবে। ভোট শেষ হলিই গরিপির কতা কেউই ভাবে না।’ চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী হোসেন ও দামুড়হুদা উপজেলার হাউলী ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান জানান, বিষয়টি তাঁরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) বারবার বললেও কোনো সাড়া পাননি। শেষ পর্যন্ত তাঁরা স্থানীয় সাংসদের সঙ্গে দেখা করে রাস্তা পাকা করার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলী আজগার জানান, দোস্ত গ্রামের বটতলা থেকে ডুগডুগি পশুহাট পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আশা করা যায়, চলতি অর্থবছরই রাস্তাটি নির্মাণের কাজ সম্পন্ন হবে।