১৯৭১ সালের ১৭ এপ্রিল। রাউজান থেকে গাড়িতে করে চট্টগ্রাম নগরের বাসায় স্বামী ও শ্বশুরের সঙ্গে ফিরছিলেন উম্মে হাবিবা। হাটহাজারী এলাকায় গাড়ি থামিয়ে তুলে নিয়ে যাওয়া হয় স্বামী শেখ মোহাম্মদ আলমগীর ও শ্বশুর চট্টগ্রাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোজাফফর আহমদকে। সেই দৃশ্য আজও তাঁর চোখে ভাসে।
শ্বশুর ও স্বামীর হত্যাকারী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত স্বস্তি নেই উম্মে হাবিবার। আপিল বিভাগ ট্রাইব্যুনালের দেওয়া রায় বহাল রাখায় প্রথম আলোকে তিনি বলেন ‘ইতারে যেদিন ফাঁসিত ঝুলাইব, সেদিন আঁই হতা হইওম খুশি মনে।’ (ওকে যেদিন ফাঁসিতে ঝোলানো হবে, সেদিনই আমি শান্তি মনে কথা বলব)
বিয়ের চার বছরের মাথায় বিধবা হন উম্মে হাবিবা। কোলে তখন আড়াই বছরের শিশুপুত্র। পরে আলমগীরের ছোট ভাই শেখ মোহাম্মদ মোরশেদ আনোয়ারের সঙ্গে বিয়ে হয় তাঁর। দ্বিতীয় ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এই মামলায় ট্রাইব্যুনালে সাকার বিরুদ্ধে সাক্ষ্য দেন উম্মে হাবিবা। সাক্ষ্য দেন তাঁর বর্তমান স্বামী শেখ মোরশেদ আনোয়ারও। নগরের ফয়’স লেকের বাড়িতে গতকাল বুধবার সকাল থেকে স্বামী-স্ত্রী দুজনে টিভি সেটের সামনে বসে ছিলেন। টিভিতে ব্রেকিং নিউজ দেখার পর মোরশেদ আনোয়ার বলেন, ‘আমরা খুশি। রায় যেন দ্রুত কার্যকর হয়। আবারও ভয় করে। কারণ তার (সাকা) দোসরেরা রয়ে গেছে।’
সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে শেখ মোরশেদ আনোয়ার বলেন, ‘হাবিবার চোখের সামনেই বাবা ও ভাইকে তুলে নিয়ে যায় সাকা চৌধুরী। তাদের লাশও পাইনি আমরা। দুঃসহ এক যন্ত্রণার ভেতর পরিবারের সবার দিন কেটেছে। আমরা শুধু আশায় আশায় দিন কাটাচ্ছিলাম, কোনো দিন যদি এই দেশে তার বিচার হবে। সেটাই আজ হলো।’
বাবা ও ভাই হত্যার বিচারের আশা ছেড়েই দিয়েছিলেন মোজাফফরের বড় ছেলে শেখ মোহাম্মদ জাহাঙ্গীর। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ভয় আর হতাশায় দিন কেটেছে তাঁদের। তিনি বলেন, ‘যখন খুনিদের আস্ফালন দেখেছি, তাদের মন্ত্রী হতে দেখলাম, তখন খুবই হতাশ হয়ে পড়েছিলাম। বিচারের আশা ছেড়ে দিয়েছিলাম। পরে ট্রাইব্যুনাল হওয়ার পর আবার আশায় বুক বাঁধি।’ ট্রাইব্যুনালের এই সাক্ষী বলেন, ‘শেষ বয়সে এই রায় দেখে গেলাম। রায় যেন দ্রুত কার্যকর হয়—সেই প্রতীক্ষায় আছি। আর সরকার যাতে আমাদের নিরাপত্তার দিকটি দেখে।’