চট্টগ্রামে গতকাল বৃহস্পতিবার একটি আবৃত্তি সংগঠনের উৎসবে কবি নির্মলেন্দু গুণ বলেন, ইতিহাস বিকৃতির হাত থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনককে হত্যার পর দেশে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে, তাতে অপশক্তি মাথার ওপর চেপে বসেছে। এই অপশক্তি মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করেছে, মানুষকে মুক্তিযুদ্ধের গৌরব থেকে বিচ্যুত করার চেষ্টা করেছে।
আবৃত্তি সংগঠন ‘তারুণ্যের উচ্ছ্বাস’-এর এক দশক পূর্তি উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দুই দিনব্যাপী উৎসব গতকাল বিকেল থেকে শুরু হয়েছে। উৎসবে অভিনেতা সৈয়দ হাসান ইমামকে ‘গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা-২০১৭’ দেওয়া হয়। তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন গোলাম মুস্তাফার মেয়ে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। উত্তরীয় পরিয়ে দেন আরেক অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়।
গোলাম মুস্তাফাকে দেশের শ্রেষ্ঠ আবৃত্তিকার উল্লেখ করে সম্মাননাপ্রাপ্ত সৈয়দ হাসান ইমাম বলেন, ‘আমি আবেগে আপ্লুত। আমার বন্ধু গোলাম মুস্তাফাকে মনে পড়ছে। তাঁর সঙ্গে অনেক স্মৃতি আজ আলোড়িত হচ্ছে। আমাদের দুই পরিবারের মধ্যে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। তিনি অকালে চলে গেছেন। তিনি যখন মারা যান (২০০৩ সালের ২০ ফেব্রুয়ারি), তখন তাঁর পরিবারের পাশে থাকতে পারিনি। বিএনপি-জামায়াত জোট সরকারের কারণে তখন আমি দেশে ছিলাম না।’
অতিথির বক্তব্যে কবি হেলাল হাফিজ বলেন, গোলাম মুস্তাফা শুধু একটি নাম নয়, একটি প্রতিষ্ঠান। তাঁর নামে যাঁকে সম্মাননা দেওয়া হচ্ছে, সেই সৈয়দ হাসান ইমামও একটি প্রতিষ্ঠান।
অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা বলেন, ‘যাঁরা আবৃত্তি করতেন, বাবা (গোলাম মুস্তাফা) তাঁদের খুব ভালোবাসতেন।’ সৈয়দ হাসান ইমাম তাঁর বাবার সবচেয়ে কাছের বন্ধু ছিলেন বলে জানান তিনি।
তারুণ্যের উচ্ছ্বাসের সভাপতি ভাগ্যধন বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত ও মাহিদুল ইসলাম, উৎসব উদ্যাপন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক চৌধুরী।
‘কবিতার জন্য অহোরাত্র যূথবদ্ধ মায়া’ শিরোনামে এই উৎসবে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার আবৃত্তিশিল্পীরা আবৃত্তি পরিবেশন করবেন।