'ইতিহাস বিকৃতি নয়, ইতিহাস চুরি করা হচ্ছে'
২ মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস ও ৩ মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস জাতীয়ভাবে পালনের দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। তাঁরা বলেছেন, এ দুটি ঘটনার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার পটভূমি তৈরি হয়ে গিয়েছিল। তাই এ দুটি ঘটনাকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে গেলে ইতিহাসকেই অস্বীকার করা হবে।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ঐতিহাসিক ৩ মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘এখন ইতিহাস বিকৃতি নয়, ইতিহাসকে চুরি করা হচ্ছে। কিন্তু সময়ের পরিক্রমায় ইতিহাস নিজেই যাঁর যা কৃতিত্ব এবং যাঁর যেখানে স্থান তাঁকে সেখানেই অধিষ্ঠিত করবে।’ তিনি বলেন, ২ মার্চ পতাকা উত্তোলন, ৩ মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ ও সিরাজুল আলম খানদের অস্বীকার করলে বাংলার স্বাধীনতা অসত্য হয়ে যাবে। ‘বঙ্গবন্ধুকে যেভাবে দলীয়করণ ও পারিবারিকীকরণ করা হচ্ছে তাতে তাঁকে বড় করা হচ্ছে, না ছোট করা হচ্ছে?’- প্রশ্ন করেন জেএসডি সভাপতি।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী অভিযোগ করেন, এখন ইতিহাস পরিবর্তন করে দেওয়া হচ্ছে।
সাবেক সাংসদ রাবেয়া সিরাজ বলেন, যাঁর যা অবদান সেটাকে স্বীকার করা উচিত। স্বাধীনতা পূর্বকালে ছাত্র সংগ্রাম পরিষদ, বিএলএফ, নিউক্লিয়াসসহ সবার অবদানের স্বীকৃতি নেই মন্তব্য করে তিনি বলেন, এদের স্বীকৃতি না দিলে মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে।
স্বাধীনতার ইশতেহার পাঠকারী শাহজাহান সিরাজ অনুষ্ঠানে উপস্থিত থাকলেও অসুস্থতার কারণে কোনো বক্তব্য দেননি। তাঁর কন্যা শুক্লা সারওয়াত সিরাজ জানান, অসুস্থতার কারণে ২০১২ সালের পর এ প্রথম তিনি জনসমক্ষে এলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সাবেক সাংসদ আবদুল মতিন, সাংবাদিক আবু সাঈদ খান, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন প্রমুখ।