
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন বলেন, বাংলাদেশের সমসাময়িক রাজনীতির ইতিহাসে বর্বরোচিত ও কলঙ্কিত দিন ২১ আগস্ট। গ্রেনেড হামলার মূল লক্ষ্য ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৭৫ থেকে ২০০৪ পর্যন্ত বেশ কয়েকটি হত্যাকাণ্ড হয়েছে। এসব শুধু হত্যাকাণ্ড নয়, একটা জাতির আদর্শ ও স্বপ্নকে হত্যা করা।
২১ আগস্ট গ্রেনেড হামলার ১৩তম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল সোমবার সংগঠনের আন্দরকিল্লা কার্যালয়ে এ সভা হয়। এ ছাড়া একই দিন নগর ও উত্তর জেলা আওয়ামী লীগও দিনটি স্মরণে কর্মসূচি পালন করে। এতে বক্তারা গ্রেনেড হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভায় সভাপতিত্ব করেন মোছলেম উদ্দিন আহমদ। সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাংসদ নজরুল ইসলাম চৌধুরী, ওয়াসিকা আয়েশা খান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, আবুল কালাম চৌধুরী, মো. ইদ্রিস প্রমুখ।
নগর আওয়ামী লীগ সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। এতে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যকাণ্ডের অসম্পূর্ণ নীলনকশা পুরোপুরি সম্পন্ন করতে ২১ আগস্ট শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা হয়েছিল।
নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সুনীল কুমার সরকার, জহিরুল আলম দোভাষ, যুগ্ম সম্পাদক এম এ রশিদ, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ প্রমুখ।
গ্রেনেড হামলার মূল হোতাসহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিকেলে নগরের দোস্ত বিল্ডিং চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উত্তর জেলা আওয়ামী লীগ। সংগঠনের সভাপতি নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ সালাম, যুগ্ম সম্পাদক মো. আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ পালিত, কোষাধ্যক্ষ এহছানুল হায়দার চৌধুরী প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
এদিকে গতকাল বিকেলে নিহতদের স্মরণে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বালন ও সমাবেশ করেছে চট্টগ্রাম নাগরিক উদ্যোগ নামের একটি সংগঠন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক রিয়াজ হায়দার চৌধুরী।