‘ইনি চিহ্নিত করখেলাপি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইনি চিহ্নিত করখেলাপি। পৌরসভার সব সুবিধা থেকে তাঁকে বঞ্চিত করা হবে। মালামাল, আসবাবপত্র জব্দ করে নিলামে বিক্রি করে কর আদায় করা হবে। ইনি উন্নয়নবিরোধী, সামাজিকভাবে তাঁকে বর্জন করুন।’খেলাপি কর আদায়ে ফরিদপুর পৌরসভা করখেলাপি প্রতিষ্ঠান ও পরিবারকে চিহ্নিত করে প্রত্যেক খেলাপির বাড়ির সামনে এই লেখাসংবলিত পোস্টার সেঁটে দিয়েছে। সঙ্গে প্রতিটি পরিবার বা প্রতিষ্ঠানের খেলাপি করের পরিমাণ উল্লেখ করে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে এ পোস্টার লাগানো শুরু হয়েছে। কর আদায়ের এ অভিনব ও নতুন প্রক্রিয়া ফরিদপুর পৌরবাসীর মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।গতকাল সকালে ফরিদপুরের রেড ক্রিসেন্ট ভবনসহ বিভিন্ন ভবনে এ জাতীয় পোস্টার দেখা গেছে। রেড ক্রিসেন্ট ভবনে সাঁটানো পোস্টারে পৌরসভা দাবি করেছে, রেড ক্রিসেন্ট সমিতির কাছে তাদের পাওনা ৩২ হাজার ৪০০ টাকা। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির নির্বাহী ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘পৌরসভা কোনো চূড়ান্ত নোটিশ না দিয়ে এ ধরনের আপত্তিকর পোস্টার সেঁটে দিয়ে আমাদের অসম্মান করেছে।’ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজাহান মিয়া বলেন, তিন হাজার গ্রাহকের কাছে পৌরসভার দুই কোটি ১৪ লাখ ৩৮ হাজার টাকার কর খেলাপি রয়েছে। যাদের খেলাপি কর পাঁচ হাজার টাকার ঊর্ধ্বে, সেসব প্রতিষ্ঠান ও পরিবারের ভবনে হলুদ রঙের ওই পোস্টার সাঁটানো শুরু হয়েছে। তিনি আরও বলেন, এ ব্যাপারে কয়েক দফা নোটিশ দেওয়া, জুমার দিন বিভিন্ন মসজিদের সামনে এবং হাটবাজারসহ জনাকীর্ণ এলাকায় লিফলেট বিতরণ ও মাইকিং পর্যন্ত করা হয়েছে। কিন্তু তাতে সাড়া না পেয়েই এ পথ বেছে নেওয়া হয়েছে।পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী বলেন, শুধু পোস্টার সাঁটানোই নয়, আগামী দু-এক দিনের মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খেলাপি বাড়ি বা প্রতিষ্ঠানের আসবাবসহ অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে বকেয়া আদায় করা হবে।