‘ইনি মনে হয় মুসা!’
‘ইনি মনে হয় আমাদের মুসা। এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম!’ তরুণীর প্রশ্নের জবাবে সঙ্গে থাকা যুবক (সম্ভবত স্বামী) বললেন, ‘আরে না, মুসা ইব্রাহীম হবে কেন। তিনি তো ঢাকায়।’ তরুণী এগিয়ে গেলেন। সত্যিই তো, মুসা ইব্রাহীম। তারপর হইচই। এগিয়ে এলেন অন্যরাও। তারপর যে যেভাবে পারে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়লেন। গতকাল শুক্রবার বেলা ১১টায় মুসা ইব্রাহীম এক ঘণ্টার জন্য কক্সবাজার সমুদ্রসৈকতে নামেন। তাঁর সঙ্গে ছিলেন নেপাল থেকে আসা তিন শেরপা কৈলাস তামাং, সোম বাহাদুর তামাং, লাকপা নুর শেরপা ও ইয়াংওয়ান বিমানের পাইলট ক্যাপ্টেন রাশিদুল হাসান। কোরিয়ান বহুজাতিক কোম্পানি ইয়াংওয়ানের বিশেষ একটি বিমানে মুসা ইব্রাহীমসহ শেরপারা সকাল নয়টায় ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান। তারপর সৈকতপারের একটি হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেলা ১১টায় তাঁরা সৈকতে নামেন। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ল, মুসা ইব্রাহীম এসেছেন। ১৫ মিনিট ধরে চলল নানাভাবে ছবি তোলা। সঙ্গে এভারেস্ট জয়ের নানা জিজ্ঞাসা। এরপর মুসা ঝাঁপ দিলেন সাগরে। সঙ্গে শেরপারাও। চলে গেলেন উত্তাল সাগরের অনেক দূরে, যেখানে অন্য কেউ নেই। কূলে দাঁড়িয়ে এক পুলিশ তাঁদের পাহারা দিচ্ছিলেন। পুলিশের পাশে ইয়াছির লাইফ গার্ডের এক ডুবুরি। তাঁরা মুসার দিকে খেয়াল রাখছিলেন। মাঝেমধ্যে ডুবুরি ডাক দিয়ে বলেন, ‘উঠে আসেন, বেশি দূরে যাবেন না। বিপদ হতে পারে।’ ডুবুরিকে থামিয়ে দিয়ে পুলিশ সদস্য বলেন, ‘যে মানুষ পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করতে পারেন, তাঁর আবার কিসের সমস্যা? যতক্ষণ ইচ্ছা গোসল করুক।’ প্রায় ৪৫ মিনিট পর মুসা উঠে এলেন তীরে। সঙ্গে শেরপারাও। পর্যটকেরা ক্যামেরা ও মুঠোফোনে ছবি তুলে যাচ্ছিলেন। মুসা বললেন, ‘শেরপাদের সঙ্গে অঙ্গীকার ছিল, তাঁরা আমাকে এভারেস্ট চূড়ায় নিয়ে যাবে আর আমি তাঁদের সাগর ছোঁয়াব। অঙ্গীকার রক্ষা করলাম। জীবনের প্রথম সাগর দেখতে পেল ওঁরা, সঙ্গে সাগরে গোসলও। এতে তাঁরা অনেক খুশি।’ পাঁচবার এভারেস্টজয়ী শেরপা লাকপা নুর শেরপা বললেন, ‘জীবনে প্রথম সাগর দেখলাম। আমাদের দেশটা পাহাড় নিয়ে ঘেরা। নেপালে বেশ কয়েকটা নদী আছে। তাতে ঢেউ নেই। সবচেয়ে বড় নদী কানিকানডকি। কিন্তু এই বিশাল সাগর আর কোথাও দেখিনি। উত্তাল ঢেউয়ে যখন ডুব দিচ্ছিলাম, মুখ দিয়ে বেশ কয়েকবার পানি ঢুকে গেল পেটে। কঠিন লবণ। এই পানি খেলে মানুষ মারা যাবে না তো?’তাঁকে বলা হলো, এই সৈকতের দৈর্ঘ্য প্রায় ১২০ কিলোমিটার। এটি পৃথিবীর দীর্ঘতম সৈকত। সাম্প্রতিক সময়ে বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন তালিকায় এই সৈকত কয়েকবার শীর্ষস্থান দখল করে। প্রতিদিন দেশি-বিদেশি হাজার হাজার পর্যটক এই সৈকত ভ্রমণে আসে।