‘ইনুর ইশকুলে’ বন্ধুসভার পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকাসক্তি থেকে ফিরে স্বেচ্ছায় মাদকবিরোধী প্রচারে নিয়োজিত থাকা সিলেটের তরুণ ইমতিয়াজুর রহমান ওরফে ইনুর পাশে দাঁড়িয়েছেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। ২৫ জুন প্রথম আলোয় ‘ফিরে এসে ফেরিওয়ালা’ শিরোনামে শুক্রবারের বিশেষ প্রতিবেদন প্রকাশ হওয়ার পর ইনুকে নিয়ে বন্ধুসভার সদস্যরা বিশেষ সভায় মিলিত হন। সভায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এমসি কলেজ শাখা বন্ধুসভার সদস্যদের মাধ্যমে ‘ইনুর ইশকুল’ পরিচালনায় সহযোগিতার সিদ্ধান্ত হয়। গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মাদকবিরোধী শোভাযাত্রা শুরুর আগে প্রথম আলো বন্ধুসভার যুগ্ম সম্পাদক রয়েল পাল ও সাংগঠনিক সম্পাদক এন ডি মিথুন ‘ইনুর ইশকুলে’ সপ্তাহে একদিন শিক্ষক দিয়ে পাঠদানে সহযোগিতা করার কথা আনুষ্ঠানিক ঘোষণা করেন।সিলেট নগরের কুশিঘাট এলাকার বাসিন্দা ইমতিয়াজুর মাদকাসক্তি থেকে মুক্ত হয়ে একটি বেসরকারি সংস্থায় চাকরি করার পাশাপাশি প্রায় তিন বছর ধরে স্বেচ্ছায় মাদকবিরোধী প্রচার চালিয়ে যাচ্ছেন। বাড়িতে নিজ উদ্যোগে মাদকবিরোধী একটি ‘তথ্যকেন্দ্র’ স্থাপন করে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যালয়মুখী করার কাজও করছেন ইমতিয়াজুর। তিনি এ কাজের নাম দিয়েছেন ‘ইনুর ইশকুল’।