টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলায় বন্যা দেখা দিয়েছে। চার উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কানইঘাট, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা কমপ্লেক্স এলাকা বন্যাকবলিত হয়ে পড়েছে। পরিস্থিতির ক্রমাবনতিতে গতকাল মঙ্গলবার চার উপজেলার প্রশাসন জরুরি বৈঠক করে বন্যাকবলিত এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সেখানে আশ্রয়কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিলেট পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বিপৎসীমার ১৩ দশমিক ৫৫ সে.মি ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে নদীর পানি। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা ক্রমে ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে পাউবো-সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা প্রকাশ করছেন।টানা বর্ষণে গত সোমবার ভোর পাঁচটার দিকে ভারতের ডাউকী নদী দিয়ে পিয়ান, ধলাই, লোভা ও সারী নদীতে ঢল নামায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চার উপজেলায় হঠাৎ বন্যার কারণ সম্পর্কে সারী বাঁচাও আন্দোলনের সভাপতি আবদুল হাই বলেন, ‘চারটি উপজেলা সারী নদী অববাহিকা অঞ্চলের। আমাদের ধারণা, উজানে ভারত সরকার জলবিদ্যুৎ প্রকল্পে সারীর উৎসমুখে বাঁধ দেওয়ার পর হয়তো পানি ছেড়ে দেওয়ায় হঠাৎ বন্যার সৃষ্টি হয়েছে।’ কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, উপজেলা সদরের সঙ্গে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সদরের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র খোলার ঘোষণায় অনেকেই আশ্রয় নিচ্ছে। কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোওরাব হোসেন তাঁর সরকারি বাসভবনে বন্যার পানি প্রবেশ করেছে জানিয়ে বলেন, প্রত্যন্ত এলাকায় যোগাযোগ করতে সমস্যা হওয়ায় সব ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের বন্যাকবলিত এলাকার মানুষজনকে নিরাপদে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করার নির্দেশনা দেওয়া হয়েছে। ‘ইলা বইন্না আটাশিত দেখছিলাম। ইবার মনে অয় আটাশি ছাড়াইলিব’—গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ প্রতাপপুর গ্রামের প্রবীণ ব্যক্তি মুক্তানাথ বলছিলেন এভাবেই। জাফলং চা-বাগানের বাসিন্দা ইউপি সদস্য সার্বেন মাহালি বলেন, ‘সোমবার ভোরর সমে হঠাৎ করে পাহাড়ি ঢল নেমে হামদের (আমাদের) বাগান, ঘরবাড়ি তলিয়ে হামদের ছব শ্যাষ হয়ে গেছে।’