‘ইবার মনে অয় আমনোর খেত করা যাইতো নায়’
‘চাইর কিয়ার জমিনো হখলবারউ খেত করি। অখন তো চিন্তাত পড়ি গেছি। জমিন সাদা অই আছে। ইবার মনে অয় আমনোর খেত করা যাইতো নায়।’ কথাগুলো জুড়ীর জাঙ্গালিয়া গ্রামের কৃষক রইছ আলীর।মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার কৃষকেরা রোপা আমন ধানের চাষ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট জলাবদ্ধতাই হাকালুকির হাওরপারের এই তিন উপজেলার কৃষকদের উদ্বেগের কারণ।এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাধারণত উঁচু জমিতে রোপা আমনের চাষ হয়। এসব জমিতে কৃষকেরা স্থানীয় ও উচ্চফলনশীল (উফশী) জাতের চারা রোপণ করেন। জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্ট মাস আমনের চারা রোপণের কথা।সরেজমিন কুলাউড়া, বড়লেখা ও জুড়ী উপজেলার কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায়, চারা রোপণের সময় শেষ হতে চললেও বেশির ভাগ জমি এখনো পানিতে তলিয়ে আছে। অনেকের হালিচারা নষ্ট হয়ে যাচ্ছে। কুলাউড়ার গুপ্তগ্রামের আনজীর মিয়া (৪০) বলেন, ‘আওরোর (হাকালুকি হাওর) পানি নামের না। এর লাগি জমিনোর পানিও নামের না। আলিচেরাও নষ্ট অই যার।’কুলাউড়ার উপজেলা কৃষি কর্মকর্তা খুরশীদ আলম গতকাল বৃহস্পতিবার জানান, উপজেলার ২১ হাজার ১৬৫ হেক্টর জমিতে এবার রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু এ পর্যন্ত মাত্র ১৪ হাজার ৫০০ হেক্টর জমিতে চারা রোপণ করা হয়েছে। জমি জলাবদ্ধ থাকায় কৃষকেরা চারা রোপণ করতে পারছেন না।জুড়ীর কৃষি কর্মকর্তা বাছিরুল আলম জানান, আট হাজার ৫০১ হেক্টরের মধ্যে চার হাজার ৩০০ হেক্টর জমিতে স্থানীয় ও উফশী জাতের রোপা আমনের চারা লাগানো হয়েছে।বড়লেখার কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, এবার তাঁদের লক্ষ্যমাত্রা ২১ হাজার ১৬৫ হেক্টর। এর মধ্যে মাত্র ১৪ হাজার ৫০০ হেক্টর জমিতে চারা রোপণ করা হয়েছে।বড়লেখার ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সিরাজ উদ্দিন আহমদ বাদশা বলেন, ‘এলাকায় কোনো হালিতলা (বীজতলা) নাই। সব জমি পানির নিচে। আবারও পানি বেড়েছে। আমন চাষের কোনো সম্ভাবনা দেখছি না।’কৃষক সমিতির জেলা কমিটির সভাপতি আবদুল মালিক বলেন, ‘দীর্ঘদিন ধরে নদ-নদী খনন হচ্ছে না। পলিতে ভরাট হওয়ায় সেগুলোর নাব্যতা কমে গেছে। ফলে এবার বোরো ফসল ঘরে তোলার আগেই উজানের পাহাড়ি ঢলে তলিয়ে গেছে। টানা তিন-চার দিন বৃষ্টি হলেই দীর্ঘ জলাবদ্ধতা দেখা দেয়। নদ-নদী খননের উদ্যোগ নিতে হবে।’জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাজাদা প্রথম আলোকে বলেন, ‘অকালবন্যায় গত বোরো মৌসুমে জেলায় প্রায় ৯১ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। জলাবদ্ধতার কারণে এখন রোপা আমনের চাষ ব্যাহত হচ্ছে। তবে পানি নেমে গেলে কৃষকেরা চারা রোপণ করতে পারবেন বলে আশা করছি।’