‘ইভিএম পদ্ধতিতে ভোট দিতে অসুবিধা হয়নি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে টাঙ্গাইলের নবগঠিত এলেঙ্গা পৌরসভার প্রথম নির্বাচনের ভোট গ্রহণ গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে মেয়র পদে বিএনপি-সমর্থিত প্রার্থী শাফি খান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শাফি খান পেয়েছেন আট হাজার ৯৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী সফিকুল ইসলাম তালুকদার পেয়েছেন ছয় হাজার ৬১৭ ভোট। আওয়ামী লীগ-সমর্থিত গোলাম মোহাম্মদ খান পাঁচ হাজার ৯৬৭ ভোট পেয়েছেন। নির্বাচনে প্রতিটি কেন্দ্রেই ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। শুরুতে ইভিএম পদ্ধতি নিয়ে ভোটার ও প্রার্থীদের মধ্যে নানা শঙ্কা থাকলেও ভোট গ্রহণ শুরুর পর সে শঙ্কা দূর হয়ে যায়।দুপুরের মধ্যে অধিকাংশ কেন্দ্রে ৭০ ভাগ ভোট গ্রহণ সম্পন্ন হয়। পৌরসভার মোট ২৭ হাজার ৩২৮ ভোটারের মধ্যে ২৩ হাজার ৭৫১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ৮৬ দশমিক ৯০ ভাগ ভোট গৃহীত হয়।সকালে মহেলা উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, দুই শতাধিক ভোটার সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়েছেন ভোট দেওয়ার জন্য। ভোট দিয়ে চলে যাওয়ার সময় রোকেয়া বেগম নামের ষাটোর্ধ্ব এক নারী বলেন, ‘মেশিনে ভোট দেওয়াই ভালো, সিল দেওয়ার ঝামেলা নাই। ভাঁজ করাও লাগে না। খালি পছন্দের মার্কায় টিবি (চাপ) দিলেই হয়।’ আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী গোলাম মোহাম্মদ খান বাদে সব প্রার্থীই ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের বিপক্ষে ছিলেন। তাঁদের মধ্যে এই পদ্ধতি নিয়ে নানা শঙ্কা ছিল। কিন্তু ভোট গ্রহণ শেষ হওয়ার পর তাঁরা বলেছেন, এ পদ্ধতিটি ভালো। জয়ী মেয়র শাফি খান বলেন, ‘ইভিএম পদ্ধতিতে ভোট দিতে ভোটারদের কোনো অসুবিধা হয়নি। এ নিয়ে আর কোনো শঙ্কা নেই।’রিটার্নিং কর্মকর্তা ও কালিহাতীর ইউএনও রফিকুল ইসলাম বলেন, অল্প সময়ে ভোটাররা ভোট দিতে পেরেছেন।