‘ইমার মৃত্যুর জন্য চিকিৎসক দায়ী’
কিশোরগঞ্জে ঝাড়ুদারের দেওয়া ইনজেকশনে স্কুলছাত্রী ইমা আক্তারের (৯) মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গতকাল বুধবার সিভিল সার্জন সারোয়ার হুসাইন খানের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে ইমার মৃত্যুর জন্য কর্তব্যরত চিকিৎসক হাবীবুর রহমানকে দায়ী করা হয়েছে। চিকিৎসক হাবীবুর, সেবিকা আকলিমা খাতুন, ঝাড়ুদার রাফিজা আক্তারসহ মোট নয়জনের বক্তব্য নেওয়া হয়েছে।ইমার মৃত্যুর ঘটনায় গতকালই চার সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ইমা পা ভেঙে গুরুতর জখম হওয়ার পর চিকিৎসক হাবীবুর রোগীকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যেতে বলেন। রোগীকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত দেওয়ার পর ওই চিকিৎসক নিজের প্রাইভেট ক্লিনিকে ইমার অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পর ইমাকে আবারও হাসপাতালে স্থানান্তর করা হয়, যা একজন চিকিৎসকের নৈতিকতা ও সঠিক দায়িত্ব পালনের সম্পূর্ণ পরিপন্থী। ঘটনার দায় চিকিৎসক এড়াতে পারেন না। তিনি আর্থিকভাবে লাভবান হতে এ কাজ করেছেন। তবে, তদন্তে ঝাড়ুদার ইমাকে ইনজেকশন দিয়েছেন কি না, তা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়নি। কারণ, সেবিকা লিখিতভাবে সাক্ষ্য দিয়েছেন যে তিনি নিজেই ইনজেকশন দিয়েছেন। তদন্ত প্রতিবেদনে চিকিৎসক হাবীবুরের বিষয়ে পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়েছে। সেবিকা ছাড়া ওই হাসপাতালে আয়া অথবা ঝাড়ুদার ইনজেকশন দেন কি না, তা তদারকির জন্য হাসপাতাল প্রশাসনকে বলা হয়েছে।ইমার মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (হাসপাতাল-১) মো. ফজলুল করিমকে সভাপতি করে গতকাল চার সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন: সহযোগী অধ্যাপক মঞ্জুরুল হক আকন্দ চৌধুরী, উপপরিচালক (স্বাস্থ্য) মো. ওমর ফারুক ও উপপরিচালক (পরিকল্পনা) আবদুল বাছিত। কমিটি ১২ ফেব্রুয়ারি তদন্ত করতে কিশোরগঞ্জ আসবে। ২৫ জানুয়ারি কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে চিকিৎসকের পরামর্শমতো নির্ধারিত ইনজেকশন দেওয়ার জন্য ইমার পরিবার সেবিকা আকলিমাকে অনুরোধ করে। কিন্তু ৫০ টাকা ছাড়া আকলিমা ইনজেকশন দিতে রাজি হননি। পরে ইমার শরীরে ঝাড়ুদার রাফিজা ইনজেকশন দেন। এরপর ইমা মারা যান।