'ইয়াবা গডফাদার' মং মং সেন টেকনাফে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের ‘ইয়াবা গডফাদার’ হিসেবে পরিচিত মং মং সেনকে গতকাল শনিবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী এবং কক্সবাজার-৪ ( উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ আবদুর রহমান বদির খালাতো ভাই।
মং মং সেন (৪৩) মিয়ানমারের সঙ্গে ইয়াবা ও স্বর্ণ চোরাচালান নিয়ন্ত্রণের পাশাপাশি টেকনাফে বসে হুন্ডির মাধ্যমে প্রতি মাসে শত কোটি টাকা লেনদেন করেন বলে অভিযোগ রয়েছে। তিনি টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার মৃত অং সেন তা এর ছেলে। আবদুর রহমান বদির সৎভাই মো. ফয়সালের মা ও মং মং সেনের মা আপন বোন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা একটার দিকে পুলিশ চৌধুরী পাড়ার তাঁর বাড়ির নিচতলায় স্থাপিত সোনার দোকান থেকে মং মং সেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, মংমং সেনের বিরুদ্ধে টেকনাফ থানায় ইয়াবা মামলা রয়েছে। আজ রোববার তাঁকে কক্সবাজার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৩ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের ৭৬৪ জন ইয়াবা ব্যবসায়ীর তালিকা তৈরি করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে। ওই তালিকার সাত নম্বর পৃষ্ঠার ‘চৌধুরীপাড়া’ অংশে ২১ জনের তালিকায় এক নম্বরে রয়েছে সাংসদ আবদুর রহমান বদির নাম। দুই নম্বরে মং মং সেন। তিন নম্বরে সাংসদ বদির ছোটভাই মৌলভি মুজিবুর রহমান, চার নম্বরে মো. সফিক ও পাঁচ নম্বরে মো. ফয়সালের নাম।
স্থানীয় লোকজন জানান, টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মং মং সেনের বিলাসবহুল বাড়িসহ স্বনামে-বেনামে একাধিক সোনার দোকান রয়েছে।
মং মং সেন টেকনাফ থানায় গণমাধ্যমকর্মীদের বলেন, ইয়াবা চোরাচালানের সঙ্গে তিনি মোটেও যুক্ত নন। তিনি বৈধ পন্থায় স্বর্ণ ও টেকনাফ স্থলবন্দরে আমদানি-রপ্তানির ব্যবসা করছেন।
অনুসন্ধানে জানা যায়, টেকনাফে ব্যবসাপ্রতিষ্ঠান খুলে হুন্ডি ব্যবসা নিয়ন্ত্রণ করে ২১ ব্যক্তি। এর মধ্যে ইয়াবা ও সোনা চোরাচালানের কয়েক কোটি টাকা হুন্ডির মাধ্যমে লেনদেন করেন ছয়জন। এঁরা হলেন মং মং সেন, জাফর আলম, মোহাম্মদ আমিন, নুরুল আমিন, আনোয়ার ও ইসমাইল।
হুন্ডি চক্রের মিয়ানমার (মংডু) এজেন্ট হচ্ছেন আবদুল্লাহ, ঢাকায় মিয়ানমারের রোহিঙ্গা জুবাইর হোসেন ও চট্টগ্রামে পিচ্চি আনোয়ার।