‘ইলা অইলে বাঁচমু কিলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইলাখান পানি আগে দেখছি না। মাসর উপরে অই গেছে পানি যায় না। এরপর যে কিতা আছে আল্লায় জানইন। ইলা অইলে বাঁচমু কিলা।’ দীর্ঘস্থায়ী অকালবন্যার কথা বলছিলেন সিলেটের বালাগঞ্জ উপজেলার করচারপার গ্রামের সত্তরোর্ধ্ব বৃদ্ধা কতবানু। জীবনে অনেক বন্যা-দুর্যোগ দেখেছেন। এবারের দীর্ঘস্থায়ী বন্যা অতীতের সব কষ্টকে ছাড়িয়ে গেছে। প্রায় দেড় মাস ধরে পানিবন্দী অসহায় জীবন যাপন করছেন। শুধু কতবানুই নন, এ রকম অভিজ্ঞতা এখন উপজেলার দুই লক্ষাধিক মানুষের। জানা যায়, গত মে মাসের শেষ দিকে বালাগঞ্জে বন্যা শুরু হয়। প্রায় দেড় মাস পর জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে পানি কমতে শুরু করলেও বন্যাপরিস্থিতির উন্নতি হচ্ছে খুবই ধীরগতিতে। এই পানি সরে যেতে আরও ১৫ থেকে ২০ দিন সময় লেগে যাবে বলে মনে করছে এলাকাবাসী। দীর্ঘস্থায়ী এই বন্যা স্থানীয় মানুষকে ভাবিয়ে তুলেছে। তারা মনে করে, যুগ যুগ ধরে চলে আসা পানি নিষ্কাশনের প্রাকৃতিক ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ায় বন্যা প্রলম্বিত হয়েছে। দিনের পর দিন ধরে কেউ গৃহহারা, আবার কেউ নিজ ঘরেই পানিবন্দী হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। কৃষিনির্ভর পরিবারগুলোর বেহাল অবস্থা। গোখাদ্যের সংকটে গবাদিপশু নিয়ে তারা পড়েছে মহাবিপাকে। কচুরিপানাই এখন একমাত্র সম্বল। হালচাষের গরু বাঁচাতে না পারলে শুষ্ক মৌসুমে অনিশ্চিত হয়ে পড়বে জমিচাষ।বির্তনী গ্রামের বারিক আলী বলেন, ‘পানি হরার কোনো পথ আছেনি। হকলতা তো বরি গেছে। আগর গাং আর আওর নাই। কতটা দিন অইছে বেকার আছি। কাজ-কাম খেত-খামার কোনতা নাই। খানি না পাইলে গরু বাঁচব কেমনে।’উপজেলা প্রশাসনের তথ্যমতে, বালাগঞ্জে কুশিয়ারাসহ তিনটি নদী, ৮৬টি জলমহাল ও কয়েক শ খালের অবস্থান। কিন্তু এর প্রায় সব কটিই ভরাট হয়ে হারিয়ে ফেলেছে আগের নাব্যতা। এ কারণে উজান থেকে নেমে আসা ঢল আর বৃষ্টির পানির প্রবাহ বিঘ্নিত হয়ে পড়েছে। এর সঙ্গে যোগ হয়েছে নিচু জমি ভরাট করে পানি নিষ্কাশনব্যবস্থা না রেখে বাড়িঘর ও রাস্তাঘাট নির্মাণ। বালাগঞ্জে এমনও অনেক খাল-বিল ও নদী আছে, যেগুলো বই-পুস্তকে পাওয়া যাবে কিন্তু বাস্তবে এর অস্তিত্ব বিলীন হয়ে গেছে।পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন বলেন, এক মাসেরও বেশি সময় ধরে মানুষ পানিবন্দী জীবন কাটাচ্ছে। আগে কখনো এত দিন পানি ছিল না। আগের নদী, খাল-বিল নেই। পানি নামার সব পথই ভরাট হয়ে গেছে। এগুলো উদ্ধার করা খুবই জরুরি।বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল আলম বলেন, অনেক নদী-নালা ও বিলের এখন অস্তিত্বই নেই। জলাশয়গুলো ভরাট না হলে এত পানি বাড়ত না। খুব ধীরে পানি কমছে।শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান আখতারুল ইসলাম চৌধুরী বলেন, ‘সিলেট অঞ্চলে হাওর-বাঁওড়-নদী ভরাট হয়ে যাওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত হচ্ছে। ওপর থেকে নেমে আসা পানি যদি সরার সুযোগ না পায়, তাহলে তো জমাট থাকবেই। যেখানে-সেখানে ভরাট করে বাড়িঘর করা হচ্ছে। হাওর ভরাট করে বসতি গড়ে উঠছে। এগুলো দ্রুত বন্ধ করা উচিত। খাল-বিল, নদী-নালার নাব্যতা ফিরিয়ে আনা না গেলে আমাদের সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে।’