‘ইলিয়াস আলীকে নিয়ে পানি ঘোলা করবেন না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘ইলিয়াস আলী আওয়ামী লীগের জন্য কোনো সমস্যা নয়। যেকোনো হত্যার পেছনে মোটিভ থাকে। ব্যবসায়িক ও অন্য কোনো স্বার্থ আছে কি না সেই মোটিভও দেখতে হয়। তাই এ নিয়ে পানি ঘোলা করবেন না।’গতকাল বুধবার মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সাইফুর রহমান মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক অনুদান বিতরণ, গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন বৃত্তি প্রদান, প্রশিক্ষিত ও অসচ্ছল মহিলাদের সেলাই মেশিন বিতরণ ও কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনি যুদ্ধাপরাধীর বিচার বন্ধ করবেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার বন্ধ করবেন—এসব করলে দেশের মানুষ আপনাকে ক্ষম করবে না। বিদেশি মেহমান হিলারি ক্লিনটন ও প্রণব মুখার্জির কাছে নালিশ করেছেন। দেশের বিরুদ্ধে গিবত গেয়েছেন। কী লাভ হলো। দেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ তৈরি করে কী লাভ।’প্রতিমন্ত্রী আরও বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্প বর্তমান সরকারের একটি সফল প্রকল্প। প্রতিটি ইউনিয়নে সাতটি করে পরিবারকে ক্ষুদ্র ঋণ দেওয়া হচ্ছে। এ সফলতা দেখে জাপান ও চীন তাদের দেশেও এ প্রকল্প চালু করতে আগ্রহ প্রকাশ করেছে।জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জর্জেস মিয়া, সাংসদ সৈয়দ মহসীন আলী, সাংসদ মো. শাহাব উদ্দিন, সাংসদ নওয়াব আলী আব্বাছ খান, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী সুফিয়ান, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মুশফিক হুসেন চৌধুরী, পুলিশ সুপার মো. হারুন অর রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ প্রমুখ।মৌলভীবাজার জেলা পরিষদ ৩১০ জন কৃতী শিক্ষার্থীর পাঁচ লাখ ৫৯ হাজার টাকার বৃত্তি, ৫০ জনের মধ্যে সেলাই মেশিন, ৩৮ জন মুক্তিযোদ্ধাকে দুই লাখ টাকা, ১৭৫ জন কম্পিউটার প্রশিক্ষণার্থীকে সনদপত্র বিতরণ এবং সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম প্রতিষ্ঠানকে একটি ফ্রিজ প্রদান করেছে।