‘ইলিয়াস আলীকে ফিরিয়ে আনতে প্রস্তুতি নিন’
‘জননেতা এম ইলিয়াস আলী সিলেট বিভাগে বিএনপিকে ঐক্যবদ্ধ ও সংগঠিত করে ভারতীয় দালাল সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন। টিপাইমুখে বাঁধের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম গড়ে তুলেছিলেন বলে সরকার ইলিয়াস আলীকে অপহরণ করে গুম করে রেখেছে। আন্দোলনের মাধ্যমে ইলিয়াস আলীকে জনতার মাঝে ফিরিয়ে আনতে হবে। ইলিয়াসকে জনতার মাঝে ফিরিয়ে আনতে প্রস্তুতি নিন।’গত শুক্রবার রাতে সিলেট নগরের মিরাবাজারের কার্যালয়ে ‘ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ’ আয়োজিত সভায় বিএনপির নেতারা এ আহ্বান জানান। এই পরিষদের আহ্বায়ক শেখ মকন মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ দিলদার হোসেন। সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফ্ফার, মহানগর বিএনপির সহসভাপতি মকসুদ আলী, জেলা বিএনপির সহসভাপতি আশিক উদ্দিন, সোনা মিয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি সামসুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার আহমদ, সেলিম আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ চৌধুরী প্রমুখ। ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের সদস্যসচিব এ টি এম ফয়েজ সভা পরিচালনা করেন। গত ১৭ এপ্রিল ঢাকা থেকে এম ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হন। তাঁর সন্ধানের দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি গ্রহণে সভায় সর্বসম্মতিক্রমে নেওয়া সিদ্ধান্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে বলে জানানো হয়।