চট্টগ্রামে বিএনপির মিছিল সমাবেশ
‘ইলিয়াস আলীর গুমের সঙ্গে মন্ত্রীর এপিএসের টাকার যোগসূত্র আছে’
ইলিয়াস আলীর গুম হওয়ার সঙ্গে সুরঞ্জিত সেনগুপ্তের এপিএসের টাকা কেলেঙ্কারি ঘটনার যোগসূত্র রয়েছে। টাকা কেলেঙ্কারি ঘটনা ধামাচাপা দিতে সরকার ইলিয়াস আলীকে গুম করে অপরাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। গতকাল শনিবার বিকেলে নগরের বাকলিয়া থানাধীন রাহাত্তারপোল এলাকায় এক বিক্ষোভ সমাবেশে সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন এই অভিযোগ করেন। সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনও বক্তৃতা করেন। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল নগরের প্রতিটি থানায় বিএনপি ও অঙ্গসংগঠন বিক্ষোভ-সমাবেশ করেছে। গতকাল চট্টগ্রাম মহানগর যেন মিছিলের নগরে পরিণত হয়। বহদ্দারহাটের অনুরূপ সমাবেশে বক্তৃতা করেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। রাহাত্তারপোলের সমাবেশে মীর নাছির আরও বলেন, এই সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ। তাই সরকারকে হটিয়ে দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম করতে হবে। এ জন্য আন্দোলনের মাধ্যমে গণ-অভ্যুত্থান ঘটানোর জন্য তিনি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের গাড়িচালক ও ইলিয়াস আলীর গাড়িচালক একই এলাকার বাসিন্দা। রেলমন্ত্রীর এপিএসের গাড়িচালক ৭০ লাখ টাকা ধরিয়ে দেওয়ায় ইলিয়াস আলীর ওপর সরকারের একটি অংশ ক্ষুব্ধ হয়, যে কারণে তাঁকে গুম করা হয়। তাই সুরঞ্জিত সেনগুপ্তকে আইনের আওতায় এনে জেরা করতে হবে। তাঁকে জেরা করলেই ইলিয়াস আলীর গুমের রহস্য উন্মোচন হবে। বহদ্দারহাটের সমাবেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনা দেশে হত্যা, গুম ও অপহরণের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। এ জন্য হাসিনাকে অন্য একটি দেশ সহযোগিতা করছে। এই সরকার ক্ষমতায় থাকলে কোনো নাগরিকের জানমালের নিরাপত্তা থাকবে না। তাই শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়ে বিএনপির নেতা-কর্মীরা ঘরে ফিরে যাবে। আমীর খসরু আরও বলেন, দেশের মানুষ জানে ইলিয়াস আলীর অপহরণকারী কে। এ জন্য দায়ী ব্যক্তিদের একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। গতকালের সমাবেশে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান, আবু সুফিয়ান, আবুল হাশেম, ইয়াসিন চৌধুরী। পরে আমীর খসরুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বহদ্দারহাট মোড় প্রদক্ষিণ করে। এদিকে নগরের মোমিন সড়ক, কদমতলী মোড়, ইপিজেড মোড় ও পতেঙ্গাসহ আরও কয়েকটি এলাকায় বিএনপির স্থানীয় নেতারা বিক্ষোভ সমাবেশ করেছেন। মিছিলগুলোতে আজ রবি ও কাল সোমবারের হরতাল কর্মসূচির সমর্থনে স্লোগান দেওয়া হয়।