‘ইলিয়াস আলীর মুক্তির দাবি থেকে পিছু হটব না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা বারবার কারাবরণ করতে প্রস্তুত আছি। তবু আমরা আমাদের দাবি থেকে পিছু হটব না। সরকারের গুম নামক কারাগার থেকে আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীর মুক্তি চাই।’ বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে সিলেটের বিশ্বনাথে গত ২২ এপ্রিল হরতাল চলাকালে সংঘর্ষের মামলায় কারাবন্দী বিএনপি-জামায়াতের সাতজন নেতা জামিনে মুক্তি পেয়েছেন গতকাল বুধবার। সিলেটের কেন্দ্রীয় কারাগার থেকে সাতজন নেতা মুক্তি পেলে কারাফটকে ১৮ দলীয় জোটের পক্ষ থেকে তাঁদের দেওয়া সংবর্ধনায় তাঁরা এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। জামিন পাওয়া নেতারা হচ্ছেন: বিশ্বনাথ উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শামছুজ্জামান, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, উপজেলা বিএনপির সদস্য আবদুস সালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুরমান খান, অলংকারী ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল মছব্বির, জামায়াতের রুকন আবদুল মালিক ও আবদুছ ছুবহান। কারাফটকে ১৮ দলীয় জোটের নেতারা সংবর্ধনায় সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি জেনারেল মতিউর রহমান, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি মো. জালাল উদ্দিন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও এম ইলিয়াস আলীর একান্ত সহকারী মো. ময়নুল হক প্রমুখ বক্তব্য দেন। সংবর্ধিত নেতাদের পক্ষে শামছুজ্জামান বলেন, ‘আমরা বারবার কারাবরণে প্রস্তুত রয়েছি। ইনশা আল্লাহ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে সরকারের গুম নামক কারাগার থেকে আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীকে ফিরিয়ে আনব।’ ইলিয়াস আলী গত ১৭ এপ্রিল থেকে নিখোঁজ রয়েছেন। তাঁর সন্ধানের দাবিতে বিশ্বনাথসহ সারা দেশে টানা হরতাল চলাকালে বিশ্বনাথ উপজেলা কমপ্লেক্সে হামলা, অগ্নিসংযোগের ঘটনায় বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) নন্দ দুলাল ধর বাদী হয়ে মামলা করেন। মামলায় ওই সাতজন ছাড়াও আরও ১৩৩ জনকে আসামি করা হয়।