'ইলিয়াস গুমের খেসারত দিতেই হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এম ইলিয়াস আলীকে গুম করে সিলেটের মানুষের আবেগ-অনুভূতিতে আঘাত করা হয়েছে। জাতীয় রাজনীতিতে সিলেটকে নেতৃত্বশূন্য করতেই তাঁকে পরিকল্পিতভাবে গুম করা হয়েছে। ইলিয়াস গুমের খেসারত শাসক দলকে দিতেই হবে।’ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার ৪১ মাস পূর্ণ হওয়ার দিন গতকাল বৃহস্পতিবার সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ’ আয়োজিত মানববন্ধনে বক্তারা এ কথা বলেন।
‘সরকারই ইলিয়াস আলীকে গুম করেছে’—এমন অভিযোগ তুলে অবিলম্বে তাঁর সন্ধানের দাবি জানান।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ ‘নিখোঁজ’ হন। গতকাল বেলা ১১টায় পরিষদের ছাত্র ও যুব শাখার সমন্বয়ে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
পরিষদের আহ্বায়ক শেখ মকন মিয়ার সভাপতিত্বে সমাবেশে পরিষদের সদস্যসচিব এ টি এম ফয়েজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী, জেলা মহিলা দলের সভাপতি পাপিয়া চৌধুরী, জেলা যুবদলের সহসভাপতি সুদীপ রঞ্জন সেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ময়নুল হক, ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল আহাদ খানসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।
সমাবেশে ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রায় দুই সপ্তাহ আগে ২০১২ সালের ৪ এপ্রিল ঢাকা থেকে ‘নিখোঁজ’ সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইফতেখার আহমদ দিনার ও ছাত্রদল কর্মী জুনেদ আহমদেরও সন্ধান দাবি করা হয়।