‘ইলিয়াস সরকারের হেফাজতেই আছেন’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘এম ইলিয়াস আলী সরকারের হেফাজতেই আছেন। সরকারি গোয়েন্দা সংস্থার লোকজনই ইলিয়াসকে গুম করেছে। অবিলম্বে ইলিয়াসকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। নইলে পরিণতি হবে ভয়াবহ।’ গতকাল বুধবার দুপুরে সিলেটে ১৮ দলের গণসংযোগ কর্মসূচির উদ্বোধনকালে খন্দকার মোশাররফ এ কথা বলেন।দুপুর সাড়ে ১২টায় নগরের কোর্ট পয়েন্টে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ আরও বলেন, সরকারের গুম, হত্যা ও নির্যাতনের শিকার এম ইলিয়াস আলীসহ দেশের মানুষ। সব ক্ষেত্রে ব্যর্থ এ সরকার দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। এ সরকারের কাছে জনগণের পাশাপাশি দেশও কোনোভাবে নিরাপদ নয়।সিলেট নগর বিএনপির সভাপতি এম এ হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। এ ছাড়া সমাবেশে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ দিলদার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল গাফফার, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী, সহসভাপতি নাসিম হোসাইন ও বদরুজ্জামান, নগর জামায়াতের আমির এহসানুল মাহবুব, খেলাফত মজলিসের আবদুল হান্নান তাপাদার, জমিয়তের আতাউর রহমান, জাগপার মকসুদ হোসেন ও এলডিপির সায়েদুর রহমান চৌধুরী বক্তব্য দেন। কোর্ট পয়েন্টের সমাবেশ শেষে শুরু হয় গণসংযোগ কর্মসূচি। ওই গণসংযোগ জিন্দাবাজার, চৌহাট্টা, দরগাহ গেট হয়ে আম্বরখানায় গিয়ে শেষ হয়।