প্রায় ছয় মাস ধরে ‘নিখোঁজ’ বিএনপির নেতা এম ইলিয়াস আলীকে ঈদুল আজহার আগে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইলিয়াস নিখোঁজ হওয়ার ছয় মাস পূর্তি হচ্ছে আজ ১৭ অক্টোবর। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ বিএনপিসহ অঙ্গসংগঠনকে নিয়ে সম্মিলিতভাবে বিক্ষোভ ও সমাবেশ করে। ‘ঈদের আগে ইলিয়াসকে ফিরিয়ে দিন, নইলে কঠোর আন্দোলন’—এ রকম হুঁশিয়ারি দেওয়া হয়েছে সমাবেশ থেকে। গত ১৭ এপ্রিল মধ্যরাতে ঢাকার বনানী থেকে ইলিয়াস নিখোঁজ হন। তাঁর সন্ধান চেয়ে টানা হরতাল চলাকালে ২৩ এপ্রিল ইলিয়াসের নির্বাচনী এলাকা বিশ্বনাথে হরতালের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে যুব ও ছাত্রদলের তিন নেতা-কর্মী নিহত হন। তাঁকে সরকারই গুম করেছে দাবি করে বিএনপির কেন্দ্র থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত প্রায় ছয় মাস ধরে বিক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। গতকাল বিকেলে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ইলিয়াস মুক্তি যুব ও ছাত্র সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে নগরের কোর্ট পয়েন্টে সমাবেশ হয়। ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক শেখ মখন মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক সাংসদ দিলদার হোসেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফফার বিশেষ অতিথির বক্তব্য দেন। ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল আহাদ খানের সঞ্চালনায় সমাবেশে বিএনপির নেতা এ টি এম ফয়েজ, ফখরুল ইসলাম, যুবদলের সুদীপ রঞ্জন সেন, স্বেচ্ছাসেবক দলের নাজিম উদ্দিন লস্কর, আরিফ ইকবাল, ছাত্রদলের মাসুক আহমদ, ওয়ার্ড কাউন্সিলর দিনার খান প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, সরকার তাদের ক্ষমতা হারানোর ভয়ে পরিকল্পিতভাবে ইলিয়াস আলীকে গুম করে রেখেছে। আগামী ঈদুল আজহার আগে ইলিয়াসকে ফিরিয়ে না দিলে ঈদের পর হরতাল-অবরোধসহ কঠোর আন্দোলনের মাধ্যমে ইলিয়াসকে ফিরিয়ে আনা হবে।আজ গণমিছিল: আজ সিলেটে ১৮ দলীয় জোটের উদ্যোগে গণমিছিল বের করা হবে। বেলা তিনটায় নগরের রেজিস্ট্রারি মাঠ থেকে গণমিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের সেখানে গিয়ে সমাবেশে মিলিত হবে। ১৮ দলীয় জোটের জেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন প্রথম আলোকে জানান, এদিন ১৮ দলের দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি রয়েছে। এম ইলিয়াস আলী নিখোঁজের ছয় মাস একই দিন পূর্ণ হওয়ায় তাঁর সন্ধানের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে সিলেটে গণমিছিল হবে।