‘ইলিয়াসকে গুম করার ঘটনা প্রমাণ করে গণতন্ত্র নির্বাসনে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশের গণতন্ত্র নির্বাসিত। বিএনপি গণতান্ত্রিক দল। এ দল সব সময় গণতন্ত্র চর্চা করে বলে নির্বাসিত গণতন্ত্র ফেরানোর চেষ্টা করছে। বাকশালী সরকার আমাদের গণতান্ত্রিক আন্দোলনের নেতা এম ইলিয়াস আলীকে গুম করে রেখেছে। এই গুমের ঘটনাই প্রমাণ করে দেশের গণতন্ত্র নির্বাসনে।’ গতকাল শনিবার সিলেট জেলা বিএনপির তৃণমূল প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দিলদার হোসেন এ কথা বলেন। ‘ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’ নামের একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় সিলেটে প্রথমবারের মতো বিএনপির তৃণমূল সম্মেলন অনুষ্ঠিত হয়। নগরের একটি সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফ্ফার ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কর্মসূচি ব্যবস্থাপক আমিনুল এহসান স্বাগত বক্তব্য দেন। সিলেট সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শহীদ আহমদ এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আবদুল আহাদ খানের সঞ্চালনায় সম্মেলনে নগর বিএনপির সহসভাপতি নোমান মাহমুদ, জেলা বিএনপির সহসভাপতি শেখ মখন মিয়া, মইনুল হক চৌধুরী, সোনা মিয়া, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ এবং উপজেলা পর্যায়ের কয়েকজন সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দেন। সম্মেলনে তৃণমূলের প্রতিনিধিরা এম ইলিয়াস আলীকে জনতার মাঝে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।