'ইলিয়াসকে গুমের মধ্য দিয়ে গণতন্ত্র গুম করেছে সরকার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ‘নিখোঁজ’ নেতা ইলিয়াস আলীকে সরকার ‘গুম’ করে গণতন্ত্র গুম করেছে বলে অভিহিত করেছেন সিলেটে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের নেতারা। গতকাল শুক্রবার সিলেটে মিছিল শেষে সমাবেশে বক্তারা এ মন্তব্য করেন।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালকসহ নিখোঁজ হন। তাঁকে সরকারই গুম করেছে দাবি করে সন্ধানের দাবিতে সিলেট ও ইলিয়াসের নির্বাচনী এলাকা বিশ্বনাথে আন্দোলন চলমান রয়েছে। সিলেট নগরে ‘ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ’ গঠন করে বিএনপি প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে। গতকাল নিখোঁজের ২১ মাস অতিবাহিত হওয়ার দিন উপলক্ষে নগরে পরিষদটি যৌথভাবে ছাত্র ও যুব সংগ্রাম পরিষদকে নিয়ে মিছিল ও সমাবেশ করে।
নগরের সিটি পয়েন্টে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি সামসুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, জেলা বিএনপির সহসভাপতি মুজাহিদ আলী, আশিক উদ্দিন, যুগ্ম সম্পাদক সারওয়ার আহমদ, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের সদস্যসচিব এ টি এম ফয়েজ ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি আবদুল আহাদ খান।
বিশ্বনাথে দোয়া মাহফিল
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি জানান, ইলিয়াস আলীর সন্ধান কামনা করে সিলেটের বিশ্বনাথে দোয়া মাহফিল হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে গতকাল শুক্রবার বাদ আসর এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মনির হোসেন, তাহিদ মিয়া, আব্বাস আলী প্রমুখ।