‘ইলিয়াসকে ফিরে পেতে আমরা বারবার কারাবরণে প্রস্তুত’
বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবির আন্দোলনের নেতা ও সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিলু মিয়া গতকাল সোমবার জামিনে মুক্তি পেয়েছেন। কারামুক্তি উপলক্ষে দলের পক্ষ থেকে গতকাল দুপুরে কারাফটকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। এতে লিলু মিয়া বলেন, ‘ইলিয়াসকে ফিরে পেতে আমরা বারবার কারাবরণে প্রস্তুত।’দলীয় সূত্র জানায়, গত ১৭ এপ্রিল ইলিয়াস নিখোঁজ হলে ২২ এপ্রিল ইলিয়াস আলীর নির্বাচনী এলাকায় লাগাতার হরতাল আহ্বান করা হয়। হরতাল চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলার অন্যতম আসামি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিলু মিয়া। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে গত ১৮ সেপ্টেম্বর তিনি নিম্ন আদালতে জামিন চান। ওই দিন জামিনের আবেদন নামঞ্জুর করে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকাল লিলুর জামিন মঞ্জুর হয়। দুপুরে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।