‘ইলিয়াসবিহীন বিএনপি’ চাঙা করতে সিলেটে কেন্দ্রীয় প্রতিনিধিদল
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীবিহীন সিলেটের বিএনপিকে চাঙা করতে কেন্দ্রীয় বিএনপির একটি প্রতিনিধিদল সিলেটে গতকাল শনিবার থেকে সফর শুরু করেছে। দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ শাহজাহানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল শনিবার থেকে সিলেট সফর শুরু করেছে। স্থানীয় নেতৃত্বের কোন্দলে ইতিমধ্যে বিভক্ত হয়ে পড়েছে বিএনপি। পক্ষ-বিপক্ষের মধ্যে ঐক্য ফেরাতে কেন্দ্রীয় প্রতিনিধিদল খণ্ড খণ্ড কর্মিসভায় মিলিত হচ্ছে।গতকাল শনিবার সন্ধ্যায় নগরের একটি কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে রাতে নগরের শাহাজালাল উপশহরের একটি রেস্তোরাঁয় বিএনপির প্রভাবশালী অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করে কেন্দ্রীয় প্রতিনিধিদল। আজ রোববার সকাল সাড়ে ১০টায় শাহি ঈদগাহ এলাকার একটি কমিউনিটি সেন্টারে সিলেট বিএনপির একটি অংশের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধিদল মতবিনিময় করে বিকেলে জিন্দাবাজার এলাকার আরেকটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করার কথা রয়েছে।দলীয় সূত্র জানায়, গত ১৭ এপ্রিল ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর তাঁর সন্ধানের দাবিতে আন্দোলন চললেও অন্তর্দলীয় কোন্দলে পক্ষে-বিপক্ষে ভাগ হয়ে পড়ে বিএনপি। জেলা থেকে শুরু করে বিএনপির সব সাংগঠনিক কমিটি ও অঙ্গসংগঠনের মধ্যে একধরনের বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। গত ২২ মে বিএনপির অঙ্গসংগঠনের নামে এক পক্ষের সংবাদ সম্মেলন করার মধ্য দিয়ে তা প্রকাশ্য আকার ধারণ করে। সংবাদ সম্মেলন থেকে ইলিয়াসের আস্থাভাজন জেলা বিএনপির দুই নেতার বিরুদ্ধে বিষোদ্গার করা হয়।ওই সংবাদ সম্মেলনের পাল্টা হিসেবে ২৪ মে আরেকটি সংবাদ সম্মেলন দুই নেতার পক্ষ নিয়ে কথিত অঙ্গসংগঠনের নেতাদের ব্যক্তিগত স্বার্থের দ্বন্দ্ব বলে অভিহিত করা হয়। এ দুটো প্রকাশ্য বিরোধ ছাড়াও জেলা ও মহানগর কমিটিতে নেতায় নেতায় বিরোধ ক্রমে দানা বাঁধায় বিএনপির সাংগঠনিক তৎপরতা অনেকটা বিশৃঙ্খল হয়ে পড়েছে। অবশ্য নগর বিএনপির সভাপতি এম এ হক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ দলীয় বিরোধ বিষয়ে কোনো মন্তব্য না করে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির জন্য কেন্দ্রীয় প্রতিনিধিদলের এ সফর বলে দাবি করেন।