‘ইলিয়াসের খোঁজ না দিলে ফের হরতালের ডাক’
১৭ সেপ্টেম্বরের মধ্যে বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দেওয়ার দাবি জানিয়েছে ‘ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ’। ১৭ সেপ্টেম্বরের মধ্যে তাঁর খোঁজ না পেলে সিলেটে ফের হরতালের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয়েছে।গত শনিবার সন্ধ্যায় সংগ্রাম পরিষদ আয়োজিত সমাবেশ থেকে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।নগরের কোর্ট পয়েন্টে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ ও ছাত্র সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে সমাবেশে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ দিলদার হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সংগ্রাম পরিষদের আহ্বায়ক শেখ মো. মকন মিয়ার সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফফার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি সামসুজ্জামান, সিলেট সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী, দিনার খান, মহিলা দলের কেন্দ্রীয় সদস্য রোকসানা বেগম প্রমুখ বক্তব্য দেন।ইলিয়াস আলী গত ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে নিখোঁজ হন। বিএনপির কেন্দ্রীয় থেকে স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা ইলিয়াসকে সরকারই গুম করেছে বলে অভিযোগ করে তাঁর সন্ধানের দাবিতে টানা হরতালসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করেন।সিলেটে গত ২২ এপ্রিল টানা হরতাল চলাকালে ইলিয়াসের নির্বাচনী এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদল ও ছাত্রদলের তিন নেতা-কর্মী নিহত হন। ইলিয়াসের নিখোঁজ হওয়ার পাঁচ মাস পূর্তি সামনে রেখে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ ও ছাত্র পরিষদ সপ্তাহব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। এ কর্মসূচির অংশ হিসেবে শনিবার সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা ইলিয়াস নিখোঁজ হওয়ার পেছনে তাঁর নির্বাচনী এলাকার সরকারদলীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরীর সংশ্লিষ্টতা রয়েছে দাবি করে ১৭ সেপ্টেম্বরের মধ্যে ইলিয়াসের সন্ধান দাবি করেন। তা না হলে হরতালসহ টানা আন্দোলন কর্মসূচির মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে ইলিয়াসকে ফেরত আনা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।