‘ইলিয়াসের বিরুদ্ধে আ.লীগের অপপ্রচার বন্ধ করুন’
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ‘নিখোঁজ’ এম ইলিয়াস আলীকে নিয়ে সিলেটে আওয়ামী লীগের নেতাদের দেওয়া জঙ্গিসংশ্লিষ্টতার বক্তব্যের নিন্দা জানিয়েছে সিলেট জেলা বিএনপি। দলটির দুজন নেতা এই অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ দিলদার হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল গফফার এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান। সিলেটের গুলশান সেন্টারে গ্রেনেড হামলার আট বছর পূর্তির আলোচনা সভায় ৭ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ তাঁর বক্তব্যে বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর বিরুদ্ধে জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগ তোলেন। বক্তৃতায় আওয়ামী লীগের ওই নেতা গুলশান সেন্টারে গ্রেনেড হামলার মামলায় গ্রেপ্তার হওয়া হরকাতুল জিহাদের শীর্ষ জঙ্গি শরিফ শাহেদুল আলম ওরফে বিপুলের আশ্রয়দাতা হিসেবে ইলিয়াস আলীর নাম উল্লেখ করেন। জঙ্গি বিপুলের ‘আলী এন্টারপ্রাইজ’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকা ও আলী এন্টারপ্রাইজের মালিক হিসেবে ইলিয়াস আলীকে অভিহিত করে গ্রেনেড হামলার মামলা পুনঃতদন্ত চলছে বলে আলোচনা সভায় উল্লেখ করা হয়। ‘কথিত জঙ্গিসংশ্লিষ্টতা নিয়ে এম ইলিয়াস আলীর বিরুদ্ধে আওয়ামী লীগের অপপ্রচার বন্ধ করুন’—এই আহ্বান জানিয়ে বিবৃতিতে জেলা বিএনপির নেতারা আলী এন্টারপ্রাইজ নামের কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানে বিপুল নামের কোনো কর্মচারী অতীতে ছিলেন না জানিয়ে বলেন, ‘জননেতা এম ইলিয়াস আলীকে জড়িয়ে আওয়ামী লীগ, মিসবাহউদ্দিন সিরাজ ও তাঁদের দোসরদের অপপ্রচার ও ষড়যন্ত্রে প্রমাণিত হয়, জঙ্গি দমনে আওয়ামী লীগ আন্তরিক নয়। গুম করে ইলিয়াস আলীকে ঘায়েল করার হীন উদ্দেশ্যে তারা এই পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে।’ মিসবাহউদ্দিন সিরাজের বক্তব্য মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বিএনপির নেতারা ওই বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁর (মিসবাহ) বক্তব্য প্রমাণ করে, জঙ্গিবাদ দমন আওয়ামী লীগের মূল উদ্দেশ্য নয়। একদলীয় বাকশালী মনমানসিকতার অংশ হিসেবে বিএনপি এবং ইলিয়াস আলীকে হেয় করার হীন উদ্দেশ্যে পরিকল্পিতভাবে কুৎসা রটানো হচ্ছে। বিপুল নামের কোনো ব্যক্তির আলী এন্টারপ্রাইজের সঙ্গে কখনো কোনো সম্পৃক্ততা ছিল না। কথিত বিপুলের বরাত দিয়ে মিসবাহউদ্দিন সিরাজ যে বক্তব্য দিয়েছেন, তা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ ব্যতীত আর কিছু নয়। বিবৃতিতে মিসবাহউদ্দিন সিরাজকে ‘সিলেটে জঙ্গি, গ্রেনেড ও বোমাবাজদের প্রথম ও প্রধান আমদানিকারক’ হিসেবে অভিযুক্ত করা হয়।