‘ইলেকশনের পরে দেশ আরও খারাপ অইব। বিরোধী দলের হরতাল-অবরোধ চলব আর রাস্তাঘাটে মানুষ আগুনে পুইড়্যা মরব।’ গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ শহরের মাসকান্দা বাস টার্মিনালে ঢাকাগামী বাসের জন্য অপেক্ষমাণ হাসিবুল ইসলাম নামের এক যাত্রী দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে এই মন্তব্য করেন।
ঢাকায় পৌঁছাতে পারবেন কি না, এ রকম অনিশ্চয়তা নিয়ে পাশে দাঁড়িয়ে থাকা অন্য যাত্রীরাও তাঁর কথার সঙ্গে সহমত পোষণ করেন।
গত এক সপ্তাহে ময়মনসিংহ শহর ও আশপাশের কয়েকটি উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের দুই প্রধান রাজনৈতিক জোটের পরস্পরবিরোধী অবস্থানের কারণে সাধারণ মানুষ যে দুর্ভোগ ও নিরাপত্তাহীন অবস্থার মধ্যে পড়েছে, ৫ জানুয়ারির নির্বাচন তার কোনো সমাধান দেবে না। বিরোধী জোটের ষষ্ঠ দফার অবরোধে আগুনে পুড়ে, গুলিবিদ্ধ হয়ে ও বোমা-ককটেলের আঘাতে যে সংখ্যক মানুষ মারা গেছেন, তার জন্য দুই জোটের প্রতি ময়মনসিংহের সাধারণ মানুষ অসন্তুষ্ট। অস্থিতিশীল পরিস্থিতির কারণে ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী মানুষ সরকার ও বিরোধী জোটের মধ্যে সমঝোতা আশা করেন। কিন্তু তারা মানুষের মনের কথা না বুঝে নিজেদের জেদ বাস্তবায়নের জন্য মরিয়া। নির্বাচনের পর দেশের অবস্থা কী হবে তা নিয়ে ময়মনসিংহের বিভিন্ন অফিসপাড়ার চায়ের দোকান, গণপরিবহন এমনকি পরিবারের মধ্যে জল্পনা-কল্পনা চলছে।
গত বুধবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলাতাপাড়া বাজারে ব্যাটারিচালিত অটোরিকশায় (ইজিবাইক) চড়ে ময়মনসিংহ শহরের আসার পথে নাম প্রকাশ না করার শর্তে এক যাত্রী প্রথম আলোকে জানান, একতরফা নির্বাচনের পরিকল্পনা করে সরকার দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে। নির্বাচনের পর দেশে শান্তি আসবে—এ বিষয়ে তারা কী নিশ্চয়তা দিতে পারবে?
এলাকার গৃহিণী শামছুন নাহার বলেন, ‘প্রতিদিনই টিভিতে মানুষ মরার খবর দেখানো হচ্ছে। এসব দেখে আমার খুব কষ্ট হয়। দেশের দুই নেত্রী কী এসব খবর দেখেন না।’
ময়মনসিংহ বণিক সমিতির পরিচালক শংকর সাহা বলেন, প্রধান দুই দলের সমঝোতা ছাড়াই নির্বাচন হতে যাচ্ছে। তাই ৫ জানুয়ারির পর দেশের রাজনৈতিক সহিংসতার অবসান হওয়ার কোনো পূর্বাভাস পাচ্ছেন না ব্যবসায়ীরা। এভাবে চললে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে আসবে।
ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি আইনজীবী আনিসুর রহমান খান জানান, বিএনপি নির্বাচনে এলে ভালো হতো। কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সরকার নির্বাচন করছে। কাজেই নির্বাচনের পর রাষ্ট্রীয় নিরাপত্তা সরকারকেই নিশ্চিত করতে হবে।