‘ইশকুলটা টিকিয়া থাকব তো!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্গম পাহাড়ি এলাকায় টিন ও বাঁশ দিয়ে তৈরি চার কক্ষের একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আশপাশের বিভিন্ন গ্রামের অসচ্ছল পরিবারের ১৬০ শিশু এখানে পড়াশোনা করে। এই শিশুদের পাঠদান করেন ওই এলাকারই পাঁচজন কলেজছাত্রী। এ জন্য কোনো সম্মানী পান না তাঁরা। তবে তাঁরা দমে যাওয়ার পাত্রী নন। নানা প্রতিকূলতার মধ্যেও তাই তাঁদের লড়ে চলা। কিছুদিন আগে ঝোড়ো বাতাসের ধাক্কায় বিদ্যালয়টি একদিকে কাত হয়ে পড়ে। পড়োপড়ো ঘরটিকে স্থানীয় লোকজন বাঁশের খুঁটি দিয়ে ঠেস দিয়ে টিকিয়ে রেখেছেন। এই চিত্র মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শুকনাছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের।এলাকাবাসী ও শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, গোয়ালবাড়ীতে বন বিভাগের জুড়ী-১ রেঞ্জের লাঠিটিলা সংরক্ষিত বনের শুকনাছড়া, হায়াছড়া, জালাই, কুচাই, বেলবাড়ী, বিনন্দপুর ও কুচাই গ্রামে বেশ কিছু বন জায়গিরদার দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন। ওই এলাকায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। এলাকার শিশুরা তাই ছিল শিক্ষার আলোবঞ্চিত। এই পরিস্থিতি তুলে ধরে ২০০৮ সালের ১৮ জানুয়ারি প্রথম আলোর শেষ পাতায় ‘আমরারের একটা ইশকুল বানায়া দিবায়নি?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর জেলা ও উপজেলা প্রশাসন ওই এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেয়। শুকনাছড়া গ্রামে স্থানীয় শিলুয়া চা-বাগানের একখণ্ড জমিতে টিন-বাঁশ দিয়ে প্রায় ৬০ ফুট দৈর্ঘ্যের একটি ঘর নির্মাণ করা হয় তখন। ওই বছরের ১৪ ফেব্রুয়ারি সেখানে ‘শুকনাছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামের এই বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্থানীয় লোকজন জানান, প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদ্যালয়টি পরিদর্শন করে গেছেন। তাঁরা বিদ্যালয়টিকে দ্রুত নিবন্ধনের আশ্বাস দিয়েছেন। কিন্তু এত দিনেও নিবন্ধন তালিকায় স্থান হয়নি বিদ্যালয়টির। হায়াছড়া গ্রামের ইব্রাহিম আলী (৪৫) প্রথম আলোকে বলেন, ‘ইশকুলটা আমরার একটা স্বপ্ন। এইটার লাগি এলাকার বাইচ্চারার লেখাপড়ার সুযোগ অইছে। সরকারোর তালিকাত (নিবন্ধন) অখনো নাম ঢুকল না। ইশকুলটা টিকিয়া থাকব তো!’একই গ্রামের রিয়াজ উদ্দিন (৩৫) বলেন, ‘কয়দিন আগে তুফানে এইটারে কাইত করি লাইছিন। ঢিকা দিয়া রাখছি। এলাকার মানুষ গরিব। টেখা-পয়সা নাই। সরকারে চাইলে তো পাকাঘর বানাইয়া দিতা পারইন।’বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পিয়ারুন বেগম (২০) বলেন, ‘আমরা শিক্ষার আলোবঞ্চিত এই শিশুদের পাশে আছি। নিষ্ঠার সঙ্গে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। স্বেচ্ছায় শ্রম দিয়ে যাচ্ছি। বিদ্যালয়টির নিবন্ধন করা হলে শিক্ষিকারা সম্মানী পেতেন। তাতে আমাদের এই প্রয়াস আরও বেগবান হতো।’স্থানীয় গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ বলেন, বিদ্যালয়ের জমি নিয়ে কিছু সমস্যা আছে। তাই নিবন্ধনের জন্য আবেদন করা যাচ্ছে না। বিদ্যালয়ের নামে জমিটি দলিল করার চিন্তাভাবনা চলছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমেন্দ্রচন্দ্র নাথ বলেন, ‘নতুন যোগদান করেছি। বিদ্যালয়টি সম্পর্কে কোনো তথ্য আমার জানা নেই।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমা বলেন, শুকনাছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাকা ভবন নির্মাণে সহায়তা চেয়ে একটি বেসরকারি সংস্থার সঙ্গে আলোচনা চলছে। এ ছাড়া জমি পেলে নিবন্ধনের প্রক্রিয়া শুরু হবে। আর পাঠদানে নিয়োজিত শিক্ষিকাদের সম্মানী দেওয়ার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে উদ্যোগ নিতে অনুরোধ করা হয়েছে।