‘ইশকুলত যাইবার ইচ্চা অয় মন চায়, কিন্তু ন পারি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইশকুলত যাইবার ইচ্চা অয়, মন চায়। কিন্তু ন পারি। ঘরত অভাব। আঁই ইশকুলত গেলে বাপ-মারে হনে হাবাইবো।’ (স্কুলে যেতে মন চায়, কিন্তু পারি না। কারণ ঘরে অভাব। আমি স্কুলে গেলে মা-বাবাকে খাওয়াবে কে?) কক্সবাজার শহরের সমুদ্র উপকূলের ফদনারডেইল চরে কাঁচা মাছ শুঁটকি করতে করতে গতকাল বুধবার কথাগুলো বলছিল শাহরুখ খান (১২)।শাহরুখ খানের বাড়ি মহেশখালী উপজেলার কুতুবজোম গ্রামে। পাঁচ বছর আগে সাগরগর্ভে বসতবাড়ি তলিয়ে গেলে বাবা ফারুক আহমদ কক্সবাজারে আশ্রয় নেন। সঙ্গে মা ও তিন ভাইবোন। থাকেন শহরের নুনিয়াছটা গ্রামের এক ভাড়া বাসায়। শাহরুখ জানায়, তিন মাস ধরে বাবা অসুস্থ। আয়-রোজগার করতে পারেন না। তাই তারা দুই ভাই স্কুল বাদ দিয়ে শুঁটকি তৈরির কাজ করে। সারা দিন কাজ করে ১৫০-১৭০ টাকা পাওয়া যায়, এ দিয়ে চলে সংসার। শাহরুখের বড় ভাই আয়াছ (১৫) জানায়, প্রচণ্ড গরমে চরাঞ্চলে কাজ করতে করতে মাথা ঘুরপাক খায়। শাহরুখ ও আয়াছের মতো সমুদ্র উপকূলের এই ফদনারডেইল চরে অন্তত ১০ হাজার শিশু-কিশোর লেখাপড়া বাদ দিয়ে শুঁটকি উৎপাদনের কাজ করছে। গতকাল বুধবার জাতীয় শিশু দিবস সরকারি ছুটির দিন, এ কথা তাদের জানা নেই। কক্সবাজর বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান জানান, শহরের ফদনারডেইল, সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া, নুনিয়াছটাসহ বিভিন্ন এলাকায় ১০ থেকে ১৫ বছর বয়সী ২০ হাজারের বেশি শিশু লেখাপড়া বাদ দিয়ে শ্রমিকের কাজ করে পরিবার চালাচ্ছে। শ্রমিকের কাজে শিশুদের ব্যবহার আইনে নিষিদ্ধ হলেও করার কিছু নেই।