'ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব হবে রাজনৈতিক আত্মহত্যা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ফিলিস্তিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইউসেফ এস ওয়াই রামাদেন বলেছেন, ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব হবে বাংলাদেশের যেকোনো রজনৈতিক দলের জন্য ‘রাজনৈতিক আত্মহত্যা’।
গতকাল শনিবার ৬৮তম ‘নকবা দিবস’ উপলক্ষে ঢাকায় ফিলিস্তিন দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউসেফ এস ওয়াই রামাদেন এ মন্তব্য করেন। সম্প্রতি ভারতে ইসরায়েলের লিকুদ পার্টির নেতা মেন্দা এন সাফাদির সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সাক্ষাতের বিষয় নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সরকারকে উৎখাত করতেই এ সাক্ষাৎ বলে অভিযোগ করছেন আওয়ামী লীগের নেতারা।
এ ব্যাপারে ইউসেফ এস ওয়াই রামাদেন বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁকে আশ্বস্ত করেছেন, ইসরায়েলের সঙ্গে তাঁর দলের কোনো সম্পর্ক নেই। আসলাম চৌধুরী ইসরায়েলের লোকটিকে চিনতেন না এবং সবকিছুই ভুলক্রমে ঘটেছে।
ফিলিস্তিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, বিএনপির চেয়ারপারসনের উচিত হবে এ ধরনের সাক্ষাৎ ‘নিষিদ্ধ’ এবং দলের নীতির পরিপন্থী বলে দলের নেতা-কর্মীদের কাছে সুস্পষ্ট বার্তা পাঠানো এবং আসলাম চৌধুরীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত দৃঢ় বলে উল্লেখ করেন ইউসেফ এস ওয়াই রামাদেন।