হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ইসলামি মূল্যবোধ ও কোরআন-সুন্নাহর বিরুদ্ধে যারা আক্রমণাত্মক কথা বলে, তারাই হচ্ছে ইসলামবিদ্বেষী। ইসলামবিরোধীদের বিরুদ্ধে আমরা আন্দোলন ও গণপ্রতিরোধ গড়ে তুলেছি। ভবিষ্যতেও যেকোনো ইসলামবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ডাক দেওয়া হবে।
গতকাল শনিবার চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে দুই দিনব্যাপী শানে রেসালত সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের আমির এসব কথা বলেন।
আহমদ শফী আরও বলেন, ‘আপনারা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন—প্রকাশ্য বা অপ্রকাশ্য সব প্রকারের পাপ, অনাচার, দুর্নীতি, চুরি, ডাকাতি, প্রতারণা এবং অন্যের অধিকার হরণ ও জুলুম করবেন না। ধর্মবিরোধী কাজ থেকে বিরত থাকবেন।’
সম্মেলনে বয়ান করেন হাফেজ জুনাইদ বাবুনগরী, মাওলানা নুরুল ইসলাম, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আ ফ ম খালিদ হোসাইন, মাওলানা লোকমান হাকীম, মাওলানা মঈনুদ্দিন রুহী, মুফতি সাখাওয়াত হোসাইন, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী
প্রমুখ।
জুনাইদ বাবুনগরী বলেন, কওমি মাদ্রাসা নিয়ে দেশে ষড়যন্ত্র চলছে। মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করতে একটি চিহ্নিত ইসলামবিদ্বেষী চক্র উঠেপড়ে লেগেছে। দেশের যুবসমাজকে ধর্মনিরপেক্ষতার নামে ইসলামবিরোধী হিসেবে গড়ে তোলার চক্রান্ত চলছে।
ইসলামবিরোধী ও দেশবিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্রের মোকাবিলায় দেশবাসীকে সজাগ হয়ে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান জুনাইদ বাবুনগরী।
সম্মেলনে মুফতি ফয়জুল্লাহ বলেন, কওমি মাদ্রাসায় কোনো সন্ত্রাস ও জঙ্গি কর্মকাণ্ড হয় না। ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই।