‘ইসলামবিরোধী ভাবধারা’র পরিবর্তন চায় বেফাক
ওলামা-মাশায়েখ ও মুফতিদের সমন্বয়ে গঠিত কমিটির পরামর্শ নিয়ে নারী উন্নয়ন নীতিমালার ‘ইসলামবিরোধী ভাবধারা’ পরিবর্তন করার দাবি জানিয়েছে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড—বেফকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)। সেই সঙ্গে ‘উত্তারাধিকার সম্পদে নারী-পুরুষের সমান অধিকার কখনোই বাস্তবায়ন করা হবে না, বিষয়টি কোরআনে নির্ধারিত বিধান অনুসারেই চলবে’ মর্মে নারীনীতিতে সুস্পষ্ট ঘোষণাও দাবি করেছেন তাঁরা। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত গোলটেবিল আলোচনায় এ দাবি জানানো হয়। বেফাকুল ‘নারী উন্নয়ন নীতিমালা: বিভ্রান্তি নিরসন ও সরকারের করণীয়’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করে। এতে নারী উন্নয়ন নীতিমালা বিষয়ে বেফাকের বক্তব্য তুলে ধরা হয়। মূল প্রবন্ধে বলা হয়, নারী নীতিমালায় স্পষ্ট সিদ্ধান্ত ও সরকারের অবস্থান পরিষ্কার না হওয়া পর্যন্ত এই নীতি কিছুতেই গ্রহণযোগ্য নয়। এই নীতিমালায় নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদের (সিডো) প্রচার ও বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। সিডো সনদ বাস্তবায়নের যে নীতি অন্তর্ভুক্ত হয়েছে, তা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক বলে তাঁরা দাবি করেছেন। বেফাক একে ইসলামবিরোধী রীতিনীতি বাস্তবায়নের চাবিকাঠি বলে আখ্যায়িত করে সিডো সনদ বাস্তবায়নের বিরোধিতা করেছে।বেফাকের দাবি, উত্তরাধিকার সম্পদ প্রশ্নেও নারী উন্নয়ন নীতিমালার বক্তব্য স্পষ্ট নয়।বেফাকের সহসভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে ওবায়দুর রহমান খান নদভী প্রবন্ধটি পাঠ করেন। অন্যদের মধ্যে বেফাকের মহাসচিব আবদুল জব্বার, সাবেক সাংসদ মতিউর রহমান, ইসলামী আইনজীবী সমিতির সভাপতি এ বি এম নুরুল ইসলাম প্রমুখ আলোচনায় অংশ নেন।