'ইসলামের নামে যারা মানুষ হত্যা করে তারা মুসলমান হতে পারে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয় আয়োজিত ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান’ শীর্ষক এই কর্মশালায় ইমাম-ওলামারা বলেছেন, ইসলামের নামে যারা মানুষ হত্যা করে, তারা মুসলমান হতে পারে না। গতকাল মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজের কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত জাতীয় ইমাম সমিতির রাজশাহী শাখার সভাপতি বারকুল্লাহ বিন দূর বলেন, ইসলামের নামে যারা মানুষ হত্যা করে, তারা মুসলমান হতে পারে না। ক্ষমতা দখলের জন্য অনেক আগে থেকেই ইসলামকে ব্যবহার করা হচ্ছে। আসলে ইসলামের সঙ্গে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই।
প্রধান অতিথি রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, ইসলাম নিয়ে যারা রাজনীতি করছে, তারা ধর্মের ক্ষতি করছে।
বিশেষ অতিথি রাজশাহী মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ধর্ম বিষয়ে অজ্ঞতার কারণে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে। তাই ধর্ম বিষয়ে সঠিক জ্ঞান প্রদানের জন্য বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ফাউন্ডেশনের কার্যকর বিস্তার করার আহ্বান জানান তিনি।
রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নান, র্যা ব-৫ রাজশাহীর উপপরিচালক স্কোয়াড্রন লিডার কে বি এম মোবাশ্বের রহিম, রাজশাহীর পুলিশ সুপার নিশারুল আরিফ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগের পরিচালক মাহাবুব আলম। সঞ্চালনায় ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলে রাব্বি ও সহকারী কমিশনার সাদিয়া জেরিন।