'ইহাদের করো আশীর্বাদ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডা. এম আর খান
ডা. এম আর খান

ষাটের দশকের গোড়ার কথা। কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে সাতক্ষীরার ছেলে মো. রফি খান (এম আর খান) তখন বিলেতে। সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বেশ দাপটের সঙ্গে কাজ করছেন সেখানকার হাসপাতালে। বিলেতের প্রথিতযশা চিকিত্সকদের দারুণ আস্থা তাঁর ওপর। তাঁরা চান না রফি দেশে ফিরুক। কিন্তু অনুরোধ উপেক্ষা করলেন রফি।
বিলেতি বিশেষজ্ঞদের বললেন, ‘এ দেশে আমার মতো আরও অনেক এম আর খান আছেন। আমার দেশে শিশু চিকিত্সকের বড় সংকট। আমাকে ফিরতেই হবে।’ ফিরে এলেন। সেই থেকে শিশুদের সঙ্গে, শিশুদের নিয়ে পথচলার শুরু শিশুবন্ধু এম আর খানের।
আজ ১ আগস্ট জাতীয় অধ্যাপক এম আর খানের ৮৭তম জন্মদিন।
এম আর খান বলছিলেন, একটা সময় শিশুরা ছিল সবচেয়ে অবহেলিত। চিকিত্সা বলতে কেবল কবিরাজি আর হেকিমি। গোটা দেশে শিশু বিশেষজ্ঞ ছিলেন দুজন। এঁদের একজন সুলতান আহম্মেদ চৌধুরী এবং অন্যজন হাবিবুর রহমান। অল্পকিছু মানুষ অসুস্থ শিশুদের নিয়ে অ্যালোপ্যাথি চিকিত্সকদের কাছে যেতেন। অপচিকিত্সায় প্রাণ হারাত বহু শিশু। আজ শিশুমৃত্যুর হার কমিয়ে সারা বিশ্বে প্রশংসা কুড়াচ্ছে বাংলাদেশ।

১৯৬৫ সালে এম আর খান তাঁর ব্যক্তিগত চেম্বারে টিকা দিতে শুরু করেছিলেন। এখন বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি সারা বিশ্বের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। বাংলাদেশ পোলিওমুক্ত। এম আর খানের মতে, এ অর্জনের পেছনে মূল চালিকাশক্তি দক্ষ জনবল।

শিশুদের চিকিত্সায় উত্কর্ষ পেতে তাঁর মতে, এখন আরও দক্ষ জনশক্তির প্রয়োজন, বিশেষ বিশেষ শাখায় জ্ঞান অর্জন দরকার, আর শিশুর মায়ের ভালো থাকাটা অত্যন্ত জরুরি।

যে পথ ধরে এখানে: ১৯৬৩ সালে দেশে ফিরে এম আর খান ঢাকা মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯৬৪ সালের মাঝামাঝি বদলি হলেন রাজশাহী মেডিকেল কলেজে। তখনো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের জন্য কোনো ওয়ার্ড নেই। এম আর খান স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ থেকে চারটি বিছানা (বেড) ধার করে কাজ শুরু করলেন। রোগী আসত কমই।

একবার বিশিষ্ট এক শিল্পীর ভাই ভীষণ অসুস্থ হয়ে পড়ল। অনেক রকম চিকিত্সার পর শেষ চেষ্টা হিসেবে তাঁরা শিশুটিকে নিয়ে আসেন তাঁর কাছে। সুস্থ হয়ে বাড়ি ফিরল সে। ধীরে ধীরে উত্তরবঙ্গের মানুষের মনে বিশ্বাস জন্মাল অ্যালোপ্যাথি চিকিত্সায় শিশু ভালো হয়। পাঁচ বছর পরে অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে ঢাকা মেডিকেল কলেজে ফেরেন তিনি। এ শাখায় তিনিই প্রথম অধ্যাপক। এসেই কাজে লেগে পড়লেন। ছাত্রদের উদ্বুদ্ধ করা, রোগীর চিকিত্সা সবই চলছিল। তবে বাংলাদেশে শিশুস্বাস্থ্য নিয়ে সত্যিকারভাবে কাজের সুযোগ তিনি পেলেন আইপিজিএমআরে (তত্কালীন পিজি হাসপাতাল, এখন বিএসএমএমইউ) এসে। আইপিজিএমআরে যুগ্ম পরিচালক ও শিশু বিভাগের প্রধান হিসেবে এম আর খান শিশুস্বাস্থ্যের বিভিন্ন শাখায় জনবল তৈরির কাজে মনোযোগ দিলেন। এ প্রসঙ্গে তিনি বলছিলেন, ‘একটা সময় ছিল আমরা শিশুদের কোর্সে ছাত্র ভর্তি করব বলে চারজন পরীক্ষক বসে আছি, প্রার্থী এসেছে একজন। আর এখন শত শত ছাত্র, ভর্তির চেষ্টা করে। কেউ টেকে, কেউ অকৃতকার্য হয়।’

এম আর খান তাঁর ছাত্রদের বিভিন্ন শাখায় কাজে উত্সাহ দিতে শুরু করলেন। কাউকে বললেন নবজাতকদের নিয়ে কাজ করতে, কাউকে পুষ্টি নিয়ে, কাউকে শিশুদের কিডনি নিয়ে কাজ করার উত্সাহ দিলেন। আজকের দিনে বাংলাদেশের যত শিশু বিশেষজ্ঞ আছেন, তাঁদের প্রায় সবাই এম আর খানের ছাত্র। হাসতে হাসতে তিনি বলছিলেন, ‘আমি তো নবীন চিকিত্সকদের কাছে গ্র্যান্ড ফাদারের মতো, অনেকেই বলেন গ্র্যান্ড টিচার।’

প্রথম আলোর সঙ্গে এই একান্ত আলাপে মাঝেমধ্যেই ছেদ পড়ছিল একের পর এক ফোনের কারণে। ফোনেই এম আর খান নির্দেশনা দিচ্ছিলেন, কোন শিশুর চিকিত্সা কী হবে। বললেন, ‘একটা সময় ছিল এমন ফোন এলে আমাকেই ছুটতে হতো। এখন অনেকের ওপরই ভরসা করা যায়। নির্দেশনা বোঝেন। ভালো চিকিত্সা দেন এমন চিকিত্সক আছেন।’

ডা. এম আর খান চান, আরও অনেক চিকিত্সক এ ক্ষেত্রে কাজ করুক। কথায় কথায় শিশু জন্মের সময় অস্ত্রোপচারের ‘বাড়াবাড়ি’ প্রসঙ্গ ওঠে। আগেভাগে শিশুর জন্ম হওয়াটা ভালো না মন্দ—এমন প্রশ্নে তিনি বলেন, বেশির ভাগ চিকিত্সক বুঝেই সিদ্ধান্ত নেন। সব চিকিত্সক টাকার পেছনে ছুটছেন বিষয়টা এমন নয়। প্রলম্বিত প্রসবের কারণে শিশুর মৃত্যু হয়, শিশুর মাথায় আঘাত লাগতে পারে। মা-শিশুর জীবন সংকটে পড়ে। 

৮৭তম জন্মদিনে কী প্রত্যাশা—এমন প্রশ্ন করতেই শিশুবন্ধু রবীন্দ্রনাথকে উদ্ধৃত করলেন, ‘ইহাদের করো আশীর্বাদ/ ধরায় উঠেছে ফুটি শুভ্র প্রাণগুলি/ নন্দনের এনেছে সম্বাদ/ ইহাদের করো আশীর্বাদ/...কোলে তুলে লও এরে/এ যেন কেঁদে না ফেরে/ হরষেতে না ঘটে বিষাদ/ বুকের মাঝারে নিয়ে পরিপূর্ণ প্রাণ দিয়ে ইহাদের করো আশীর্বাদ’। বললেন, সব শিশু ভালো থাক, সুস্থ্য থাক এই তাঁর প্রত্যাশা।