‘ইয়ুথ ফর চেইঞ্জ’ নামে ক্যাম্পাসে সক্রিয় ছিল হিযবুত তাহ্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ইয়ুথ ফর চেইঞ্জ’ নামে ক্যাম্পাসভিত্তিক সংগঠনের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের সঙ্গে এই সংগঠনের সম্পৃক্ততা থাকার অভিযোগের সত্যতা পাওয়ায় গতকাল সোমবার বিকেলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি জরুরি সভা করে ক্যাম্পাসে সংগঠনটির সব কার্যক্রম নিষিদ্ধ করে। সিলেটে আদালতের ফটক থেকে গ্রেপ্তার হওয়া হিযবুত তাহ্রীরের কর্মী মুশফিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল সিলেটের মুখ্য বিচারক হাকিম আদালতে তাঁকে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত পাঁচ দিন মঞ্জুর করেন।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র গ্রেপ্তার হওয়ার পর ‘ইয়ুথ ফর চেইঞ্জ’ নামে ক্যাম্পাসভিত্তিক সংগঠন আলোচনায় আসে। বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর গোলাম আলী হায়দার চৌধুরী ২০০৮ সালের ২৯ মে ক্যাম্পাসে ইয়ুথ ফর চেইঞ্জের কার্যক্রম পরিচালনার অনুমতি দেন। তিনি সংগঠনের প্রধান উপদেষ্টার দায়িত্বে ছিলেন। অভিযোগ রয়েছে, হিযবুত তাহ্রীর নিষিদ্ধ হওয়ার পর ক্যাম্পাসে এর সাংগঠনিক কর্মসূচি ইয়ুথ ফর চেইঞ্জের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। এ ব্যাপারে গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি জরুরি সভায় বসে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সংগঠনটি ক্যাম্পাসে নিষিদ্ধ করা হয়।সংগঠনটি নিষিদ্ধ করার বিষয় নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম এ গণি প্রথম আলোকে বলেন, ‘এটি ক্যাম্পাসভিত্তিক একটি সামাজিক সংগঠনের আদলে পরিচালিত হচ্ছিল। সংগঠনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষক উপদেষ্টা হিসেবে ছিলেন। হিযবুত তাহ্রীরের সঙ্গে ইয়ুথ ফর চেইঞ্জের গোপনে যোগাযোগ থাকার বিষয়টি প্রাথমিক পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে। এ জন্য সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে। ছয়জন শিক্ষকের মধ্যে প্রধান উপদেষ্টা গোলাম আলী হায়দার চৌধুরী ছাড়া পাঁচজন এরই মধ্যে সংগঠনের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের বিষয়টি লিখিতভাবে প্রশাসনকে জানান তাঁরা। গোলাম আলী হায়দার চৌধুরী গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কিছু জানাননি।’ তাঁর সঙ্গে কথা বলার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। আদালত সূত্র জানায়, আদালতে রিমান্ড আবেদনের শুনানি চলাকালে মুশফিকুর রহমান স্বীকার করেন, তিনি ইসলামি খেলাফত প্রতিষ্ঠার জন্য একজন মুসলমান হিসেবে হিযবুত তাহ্রীরের সঙ্গে সম্পৃক্ত হন।