'ই-নাইন' সম্মেলন শুরু হচ্ছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার শিক্ষাবিষয়ক ‘এসডিজি-৪’ লক্ষ্য অর্জনের কার্যকর কৌশল নির্ধারণে ঢাকায় শুরু হচ্ছে ‘ই-নাইন’ আন্তর্জাতিক সম্মেলন। কাল রোববার থেকে হোটেল র্যা ডিসন ব্লুতে অনুষ্ঠেয় এই সম্মেলনে ই-নাইনভুক্ত নয়টি দেশের শিক্ষামন্ত্রীরা অংশ নেবেন। সম্মেলন চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
গতকাল শুক্রবার বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব তথ্য জানান। সম্মেলন শুরুর দিন নুরুল ইসলাম নাহিদকে আগামী দুই বছরের জন্য ই-নাইনের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হবে। ই-নাইনের এটি ১১তম সম্মেলন।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ৫ ফেব্রুয়ারি (রোববার) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন। অতিথি হিসেবে থাকবেন ইউনেসকোর মহাপরিচালক ইরিনা বোকোভা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ২০৩০ সালকে সামনে রেখে সবার জন্য শিক্ষা কর্মসূচি বাস্তবায়নে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিন দিনের সম্মেলন শেষে এসডিজি-৪ বাস্তবায়নের রোডম্যাপ-সংবলিত ‘ঢাকা ঘোষণা’ গৃহীত হওয়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, ব্যানবেইসের পরিচালক ফসিহ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
পারস্পরিক যোগাযোগ ও তথ্য বিনিময়ের মাধ্যমে ইউনেসকোর সবার জন্য শিক্ষা কর্মসূচি এগিয়ে নেওয়া এবং দ্রুততার সঙ্গে সামষ্টিক সাফল্য অর্জনের লক্ষ্য নিয়ে ১৯৯৩ সালে ভারতের নয়াদিল্লিতে ই-নাইন গঠিত হয়। এর সদস্য হলো বাংলাদেশ, ব্রাজিল, চীন, মিসর, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মেক্সিকো ও নাইজেরিয়া।